যশোরে সাংসদ-পুত্রের অনুসারীদের তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর-৩ (সদর) আসনের আওয়ামী লীগ-সমর্থিত সাংসদ খালেদুর রহমানের পুত্র মাশুক হাসান ওরফে জয়ের অনুসারীরা গতকাল সোমবার বিকেলে ঈগল পরিবহনের দুটি টিকিট কাউন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ করা হয়েছে।এ সময় একটি পরিবহনের কাচ, কাউন্টারের দুটি কম্পিউটার, ফ্যান ও টিউব লাইট ভাঙচুর করা হয়েছে। বাধা দেওয়ায় ঈগল পরিবহনের সুপারভাইজার জিয়াউর রহমান ও চালক আবদুস সালামকে মারধর করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎ ক্ষণিক প্রতিবাদে পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে যশোর-ঢাকা মহাসড়ক ঘণ্টা খানেক অবরোধ করে রাখা হয়। এ সময় সড়কের দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। পরে সহকারী পুলিশ সুপার (‘ক’ সার্কেল) আনিছুর রহমান ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখের হস্তক্ষেপে বিকেল সোয়া চারটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, বেলা সাড়ে তিনটার দিকে মাশুক হাসান জয়ের অনুসারী আট থেকে ১০ জন ব্যক্তি আকস্মিকভাবে কয়েকটি মোটরসাইকেলে গিয়ে প্রথমে শহরের খাজুরা স্ট্যান্ডের টিকিট কাউন্টার ও পরে গাড়িখানা সড়কের কাউন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় শ্রমিকেরা হামলাকারীদের ধাওয়া দেন। এর মধ্যে জাহাঙ্গীর হোসেন ওরফে টিপু নামের একজনকে শ্রমিকেরা আটকে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। টিপুর বাড়ি যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে। এ ব্যাপারে ঈগল কাউন্টারে কর্মরত মো. শফিক প্রথম আলোকে বলেন, বেলা সাড়ে তিনটার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে আট থেকে ১০ জন ব্যক্তি খাজুরা স্ট্যান্ডের কাউন্টারে গিয়ে টেবিল-চেয়ার ছুড়ে ফেলে। এতে টেবিলের ওপর থাকা কম্পিউটার ভেঙে যায়। বাধা দেওয়ায় পরিবহনের সুপারভাইজার ও একজন চালককে মারধর করা হয়। পরে গাড়িখানা সড়কের কাউন্টারে একইভাবে হামলা চালানো হয়। সেখানে টেবিল ও টেবিলের ওপর থাকা কম্পিউটার, ফ্যান ও টিউবলাইট ভেঙে ফেলা হয়। এ ব্যাপারে মাশুক হাসান ওরফে জয় প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তিগত জিপে করে পরিবারের লোকজন নিয়ে যশোর থেকে ঢাকায় যাওয়ার পথে কুষ্টিয়ার কামারখালী সেতুর কাছে যানজটের কারণে জিপটি দাঁড় করিয়ে রাখা হয়। এ সময় ঈগল পরিবহনের ১৩ নম্বর কোচ পেছন থেকে এসে জিপে ধাক্কা দেয়। বিষয়টি পরিবহনের সুপারভাইজার ও চালককে বলতে গেলে তাঁরা মারমুখী আচরণ করেন। এরপর তাঁদের সঙ্গে বাগিবতণ্ডার সৃষ্টি হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আমার কোনো লোকজন যশোরের কাউন্টারে ভাঙচুর করতে পারে। তবে বিষয়টি আমার জানা নেই। কারণ, আমি এখন ঢাকাতে অবস্থান করছি।’ এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, অভিযোগ দেওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।