যশোরে সাংসদের বাড়ির আশপাশে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর-৩ (সদর) আসনের সাংসদ কাজী নাবিল আহমেদের শহরের পুরাতন কসবা কাজীপাড়ার বাড়ির আশপাশের ৫০০ গজের মধ্যে গতকাল মঙ্গলবার ১৪৪ ধারা জারি করা হয়। বিকেল পাঁচটা থেকে রাত ১০টা পর্যন্ত তা কার্যকর ছিল।
যশোরে আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। একভাগের নেতৃত্বে আছেন সাংসদ কাজী নাবিল আহমেদ। অন্য পক্ষের নেতৃত্ব দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন চাকলাদার। শাহিন চাকলাদারের অনুসারীরা তরুণ সংঘ নামের একটি ক্লাবের নেতৃত্বে রয়েছেন। এ সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করে। শাহিন চাকলাদারকে করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি। সাংসদের বাড়ি-সংলগ্ন ডায়মন্ড প্রেস মোড়ে অনুষ্ঠানের মঞ্চ করা হয়। সাংসদ পক্ষের লোকজনের অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক হুমায়ুন কবীর গতকাল বিকেলে সাংসদের বাড়ির আশপাশে ১৪৪ ধারা জারি করেন। বিকেলে মাইকে তা প্রচার করা হয়। এ সময় পুলিশ অনুষ্ঠানের মঞ্চ সরিয়ে নেয়।
যশোরের সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, এমপি সাহেবের বাড়ির আশপাশে কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না বলে নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। পরে পুলিশ তা কার্যকর করেছে।