যশোরে সাংসদের বাড়ির আশপাশে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর-৩ আসনের (সদর) সাংসদ কাজী নাবিল আহমেদের বাড়ির আশপাশে ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে রাত ১০টা পর্যন্ত এ আইন জারি করা হয়।

যশোর শহরের পুরাতন কসবা কাজী পাড়ায় সাংসদ কাজী নাবিলের বাড়ি। এ বাড়িসংলগ্ন ডায়মন্ড প্রেস মোড়ে আজ সন্ধ্যায় তরুণ সংঘ নামের একটি ক্লাব ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। এটা নিয়ে সাংসদের পক্ষের লোকজন অভিযোগ করলে জেলা প্রশাসক হুমায়ুন কবির সেখানে ১৪৪ ধারা জারি করেন। পরে বিষয়টি মাইকিং করে এলাকায় জানিয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, যশোরে আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। এক ভাগের নেতৃত্বে সাংসদ কাজী নাবিল আহমেদ এবং অপর পক্ষের নেতৃত্ব দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন চাকলাদার। শাহিনের অনুসারীরা তরুণ সংঘের নেতৃত্বে রয়েছেন। এ সংগঠন আয়োজিত ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথি ছিলেন শাহিন চাকলাদার।
তরুণ সংঘের সাধারণ সম্পাদক ও যশোর পৌরসভার কাউন্সিলর মোস্তাফিজুর রহমান এ বিষয়ে বলেন, এলাকার মানুষের বিনোদনের জন্য আজ থেকে কাজীপাড়া এলাকায় দুই দিনব্যাপী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু সাংসদের অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে।
যশোরের সহকারী পুলিশ সুপার (ক-সার্কেল) ভাস্কর সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে—এমন আশঙ্কায় সাংসদের বাড়ির আশপাশে ১৪৪ ধারা জারি করেছেন জেলা প্রশাসক। পরে পুলিশ তা কার্যকর করেছে।