যশোরে সাতটি নাটক মঞ্চস্থ
বিশ্ব নাট্য দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় যশোরের টাউন হল মাঠের রওশন আলী মঞ্চ ও বিবর্তন মঞ্চে সাতটি নাটক মঞ্চস্থ হয়েছে। নাটকের আগে আলোচনা ও ফাঁকে ফাঁকে নৃত্য পরিবেশিত হয়।
সন্ধ্যা পৌনে ছয়টায় পুনশ্চ যশোরের শিল্পীরা মুস্তবা আহমেদ মুর্শেদ রচিত ফুলবাগানে শেয়াল শিরোনামে শিশুতোষ নাটক দিয়ে টাউন হল মাঠে নাট্য দিবসের অনুষ্ঠান শুরু করে। একই মঞ্চে পরপর তিনটি শিশুদের ও তিনটি বড়দের নাটক মঞ্চস্থ হয়। শিশুদের নাটকের মধ্যে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খ্যাতির বিড়ম্বনা, প্রথম আলোর রসআলো থেকে সংগৃহীত অভিজ্ঞ পণ্ডিতের পাঠশালা আর বড়দের নাটকের মধ্যে মান্নান হীরা রচিত ইদারা ও বউ এবং নারী নির্যাতন প্রতিরোধমূলক নাটক জরিবিবির সংসার। সব কটি নাটকের নির্দেশনায় ছিলেন দেবদুলাল রায়।
এদিকে শহরের সংগীতপাড়ার বিবর্তন যশোরের আঙিনায় খায়রুল বাসারের রচনায় ও এম এ মুহিত তমালের নির্দেশনায় জনৈক ঈমান আলী পথনাটক মঞ্চস্থ হয়। এর আগে সংগঠনের সভাপতি সানোয়াল আলম খানের সভাপতিত্বে আলোচনা হয়।