যশোরে সাড়ে পাঁচ মাসে ৪৩ হত্যাকাণ্ড
যশোরে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। গত সাড়ে পাঁচ মাসে জেলায় ৪৩ জন খুন হয়েছেন। এর মধ্যে অন্তত ১১টি হত্যার সঙ্গে রাজনৈতিক যোগসূত্র রয়েছে। আর রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোতে বোমা ও আগ্নেয়াস্ত্রের ব্যবহার করা হয়েছে। অবশ্য স্থানীয় একটি বেসরকারি সংস্থার দাবি, এই সময়ে ৬১টি হত্যার ঘটনা ঘটেছে।
সর্বশেষ গত সোমবার শহরের উকিলবার মোড়ে জেলা ছাত্রদলের সহসভাপতি কবির হোসেন ওরফে পলাশকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যশোরের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র প্রথম আলোকে বলেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে অপরাধপ্রবণতা একটু বেশি। কারণ, অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য হাতের কাছে প্রচুর উপকরণ পাওয়া যায়। রাজনৈতিক অস্থিরতার কারণে এসব খুন হচ্ছে, ঢালাওভাবে তা বলা যাবে না। তবে আট থেকে ১০টি খুনের সঙ্গে রাজনৈতিক যোগসূত্র থাকতে পারে। তিনি বলেন, ‘আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তার পরও আমরা অস্ত্রধারীদের ধরছি। অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য প্রায়ই অভিযান চালানো হচ্ছে।’
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত জেলায় মোট ৪৩টি হত্যাকাণ্ড ঘটেছে। রাজনৈতিক বিরোধ, মুক্তিপণের দাবিতে অপহরণ, জমিজমাসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এসব খুনের ঘটনা ঘটেছে। জনপ্রতিনিধি, সরকারি দলের নেতা-কর্মী, জামায়াত নেতা, ছাত্রও রয়েছেন নিহতের এ তালিকায়।
মানবাধিকার সংগঠন ‘রাইটস যশোর’-এর তথ্য অনুযায়ী গত পাঁচ মাসে জেলায় ৬১টি হত্যাকাণ্ড ঘটেছে। সংগঠনের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে এ পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে। এসব খুনের ঘটনার পর্যালোচনা করতে গিয়ে তিনি বলেন, সাম্প্রতিক হরতাল-অবরোধে সহিংসতা সৃষ্টির জন্য বেনাপোলসহ বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাই পথে বোমা তৈরির সরঞ্জাম ও আগ্নেয়াস্ত্র আনা হচ্ছে। এসব অস্ত্র সরকারি ও বিরোধী দলের ক্যাডারদের কাছে চলে যাচ্ছে। যা পরে নাশকতার সৃষ্টির কাজে ব্যবহূত হচ্ছে। কারও সঙ্গে সামান্য বিরোধেই এসব অস্ত্র ব্যবহার করা হচ্ছে। এ কারণে খুনোখুনির ঘটনা ঘটছে। এতে সামাজিক অস্থিরতা দেখা দিচ্ছে।
পরিচয় গোপন রাখার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, নির্বাচনকে ঘিরে সীমান্তের বিভিন্ন অলিগলি দিয়ে চোরাই পথে আসছে বোমা তৈরির সরঞ্জাম ও অস্ত্র। এসব অস্ত্রের খুব সামান্যই ধরা পড়ছে।
গত ২৬ সেপ্টেম্বর চৌগাছার সিংহঝুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান ওরফে মিন্টুকে (৪৫) সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। মিন্টুর ভাই জিয়াউর রহমান বলেন, ‘আসামিরা মুঠোফোনে আমাদের হত্যার হুমকি দিচ্ছে। আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের লোকজন আতঙ্কে আছেন।’
গত ২৯ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে শহরের মনিহার প্রেক্ষাগৃহের কাছে যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর টায়ার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নজরুল ইসলামকে গুলি করে ও বোমা মেরে হত্যা করা হয়। নজরুলের পরিবারের এক সদস্য জানান, মামলার আসামিরা এলাকায় ঘুরে বেড়ালেও তাদের আটক করা হচ্ছে না। এ কারণে তাঁরা আতঙ্কে আছেন।
আলোচিত এই দুটি হত্যা মামলার ব্যাপারে জানতে চাইলে পুলিশের গোয়েন্দা শাখা যশোরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘নজরুল হত্যা মামলার আসামিদের মধ্যে কয়েকজন তিন সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নেওয়ার ব্যাপারে উচ্চ আদালত থেকে নির্দেশনা পেয়েছেন। এ সময়ের মধ্যে তাঁদের বিরক্ত না করার জন্যও উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। ফলে আমরা কিছু করতে পারছি না।’ মিন্টু হত্যা মামলা সম্পর্কে ওসি বলেন, ‘হুমকি দেওয়ার অভিযোগ আমরা পেয়েছি। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।’
গত ২৭ নভেম্বর রাতে সদর উপজেলার উপশহর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবদুল হাই সিদ্দিকী ওরফে বুলবুলকে (৩০) গুলি করে হত্যা করা হয়। রাতে নিজ বাড়িতে কম্পিউটারে কাজ করার সময় ঘরের জানালা দিয়ে তাঁর মাথায় গুলি করা হয়।