যশোরে সাড়ে ১৭ কোটি টাকার অবৈধ গয়না জব্দ
যশোরের শার্শায় ভারত থেকে অবৈধভাবে আনা ১৭ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার টাকার ইমিটেশনের গয়না জব্দ করেছে বিজিবি।
যশোর-বেনাপোল সড়কের শার্শা উপজেলার আমড়াখালী তল্লাসি চৌকি (চেকপোস্ট) এলাকায় ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে পণ্যের চালানটি জব্দ করেন। আজ রোববার বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে এসব পণ্য জমা দেওয়ার কথা রয়েছে। পণ্যের চালানটি গত বুধবার জব্দ করা হলেও জব্দ তালিকা তৈরি করে গতকাল শনিবার বিকেলে বিজিবি কার্যালয় থেকে প্রকাশ করা হয়েছে।
বিজিবি যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার বেনাপোল দিয়ে এ পণ্যের চালানটি ভারত থেকে বাংলাদেশে আনা হয়। একটি কাভার্ড ভ্যানে করে বিকেলে তা ঢাকায় নেওয়ার পথে আমড়াখালী বিজিবি চেকপোস্টে তল্লাশি চালানো হয়। আমদানির বৈধ কাগজপত্র না থাকায় কাভার্ড ভ্যানসহ চালানটি আটকে দেওয়া হয়। এ সময় গাড়ির চালক ও সহকারীকে আটক করে আবার তাঁদের ছেড়ে দেওয়া হয়।
গাড়িটি বিজিবি যশোর সদর দপ্তরে এনে পণ্যের তালিকা তৈরি করা হয়। জব্দ তালিকায় রয়েছে আংটি, দুল, বালা, চেইন, ব্রেসলেট, হার, টিকলিসহ ইমিটেশনের বিভিন্ন গয়না। যশোর ২৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মতিউর রহমান বলেন, বেনাপোলের আমদানি-রপ্তানি পথ দিয়ে ভারতীয় ট্রাকে করে অবৈধভাবে এসব পণ্য আনা হয়েছে। বিপুল পরিমাণ ওই পণ্য বন্দরের শেডে নিয়ে ট্রাক বদল করা হয়েছে। ঢাকার পল্লবী এলাকার রিটেলার্স ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান এ পণ্য আমদানি করেছে। জব্দ করার পর ওই প্রতিষ্ঠানের মালিককে ডাকা হয়েছিল। কিন্তু কেউ আসেননি। জব্দ করা পণ্যের মূল্য ১৭ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার টাকা বলে তিনি জানান।