সোনালী ব্যাংকের একটিমাত্র শাখায় খুলনা বিভাগীয় ও যশোর জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের অর্থ লেনদেনের কার্যক্রম চালানো হচ্ছে। এ কারণে সারা দিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাজ সারতে গ্রাহকদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।সোনালী ব্যাংক যশোর করপোরেট শাখা সূত্রে জানা গেছে, প্রতিদিন হাজার খানেক মানুষ খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে পাসপোর্টের টাকা জমা দিতে এ শাখায় আসেন। এ ছাড়া যশোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত সাত হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারী প্রতি মাসে এখান থেকে পেনশনের টাকা তোলেন। এত মানুষকে সেবা দিতে গিয়ে এ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা হিমশিম খাচ্ছেন।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, পাসপোর্টের টাকা জমা দিতে কয়েক শ মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন। লাইনে দাঁড়ানো এক ব্যক্তি জানান, কুষ্টিয়া থেকে তিনি পাসপোর্ট করতে এসেছেন। সকাল থেকে দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছেন। বেলা দুইটার মধ্যে টাকা জমা না হলে আজ আর পাসপোর্ট কার্যালয়ে গিয়ে ফরম পূরণ করা যাবে না; আবার আরেক দিন আসতে হবে। ভৌগোলিকভাবে যশোর জেলার অবস্থান খুলনা বিভাগের মধ্যবর্তী স্থানে হওয়ায় বিভাগের অধিকাংশ সরকারি দপ্তরের বিভাগীয় কার্যালয় যশোর শহরে। এসব কার্যালয়ের যাবতীয় লেনদেন হয় এই শাখায়। মানুষের ভোগান্তির কথা জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও অর্থ মন্ত্রণালয়ের সচিব বরাবর গত ১ ও ২ নভেম্বর দুটি চিঠি পাঠানো হয়েছে। যশোর সদর আসনের সাংসদ খালেদুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সরকারি-বেসরকারি অধিকাংশ প্রতিষ্ঠানের বিভাগীয় কার্যালয় যশোর শহরে। বিমানবন্দর, শিক্ষা বোর্ড, আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়, আঞ্চলিক গবেষণাকেন্দ্র, কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও স্কাউটের বিভাগীয় কার্যালয় যশোরে। এ ছাড়া যশোরে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও বেনাপোল স্থলবন্দর। এসব প্রতিষ্ঠানের প্রায় সব লেনদেন হয় সোনালী ব্যাংক করপোরেট শাখায়। একটিমাত্র ব্যাংকের জনবল ও অবকাঠামো দিয়ে এত বিপুলসংখ্যক মানুষের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে মানুষকে ভোগান্তির শিকার হতে হয়। সোনালী ব্যাংক করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আবদুল গফফার খান জানান, বাংলাদেশ ব্যাংকের একটি বুথ যশোর শহরে স্থাপন করা হলে সরকারি দপ্তরের লেনদেন-সংক্রান্ত যাবতীয় কার্যক্রম গতিশীল হবে। তখন সোনালী ব্যাংকে আর তেমন চাপ থাকবে না। যদি সেটি করা সম্ভব না-ও হয়, তাহলে বিকল্প হিসেবে সোনালী ব্যাংকের একটি বুথ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে স্থাপন করা গেলে পাসপোর্ট গ্রাহকদের ভোগান্তি কমবে। পেনশনের টাকা প্রাপ্তির ভোগান্তি কমাতে অটোমেশন পদ্ধতি চালু করা হবে। এতে জনদুর্ভোগ কমবে বলে তিনি দাবি করেন।