যশোর শহরের বকচর এলাকার হাজী মোহাম্মদ মুহসীন মাধ্যমিক বিদ্যালয়ের ৭৮ শতাংশ জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ঈদের ছুটিতে পিলার বসিয়ে স্কুলের শহীদ মিনার, তিনটি শ্রেণীকক্ষ ও ৪৭টি মেহগনি গাছ দখলের চেষ্টা চালানো হয়। গতকাল মঙ্গলবার শিক্ষক-শিক্ষার্থীরা সেই পিলার উচ্ছেদ করতে গেলে অভিযুক্ত ব্যক্তিরা শিক্ষক-শিক্ষার্থীদের মারধর করেন। পরে পুলিশ এসে আবুল খায়ের ও আবদুল মালক নামে দুজনকে গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা পিলার উচ্ছেদ করার চেষ্টা করলে দখলকারীদের সঙ্গে তাদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী শিক্ষক-শিক্ষার্থীদের মারধর করে। এ সময় আবুল খায়ের ও আবদুল মালেক স্কুলের প্রধান শিক্ষক নামজুল হাসানকে লাথি ও কিল-ঘুষি মারেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করে। মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্কুলের প্রাক্তন ছাত্র ও শিক্ষকেরা পিলার উচ্ছেদ করেন।প্রধান শিক্ষক নাজমুল হাসান অভিযোগ করেন, ‘স্কুল ছুটি হলেই দখলবাজেরা স্কুলের জায়গা দখলের চেষ্টা করে। গত অক্টোবরে দুর্গাপূজার ছুটিতেও ওই চক্র ১০ বছর বয়সী দুটি মেহগনি গাছ কেটে নিয়ে যায়। এবার ঈদের ছুটিতে স্কুলের ৭৮ শতাংশ জমিতে সীমানা পিলার বসিয়ে দখলের চেষ্টা চালায়।’ তিনি আরও অভিযোগ করেন, খায়ের তাঁর মাথায় কিল-ঘুষি এবং মালেক তাঁর পেটে লাথি মারেন।অভিযুক্ত আবুল খায়ের প্রধান শিক্ষককে মারধরের কথা অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমাদের জমি স্কুল কর্তৃপক্ষ দখল করেছে। আদালতের রায়ও আমাদের পক্ষে রয়েছে। অথচ জমি ফেরত দেওয়া হচ্ছে না, যার কারণে দখল নিতে হয়েছে।’ তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ‘আমাদের মারার জন্য শিক্ষকেরা শিক্ষার্থীদের হাতে লাঠি তুলে দিয়েছেন।’স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী শাহিদা আক্তার বলে, ‘অভিযুক্ত পরিবারটির কয়েকজন মহিলা ঝাড়ু নিয়ে স্যারদের মারতে এলে আমরা ছুটে যাই। তখন সুরমা আক্তার ও আমাকে তারা মারধর করে। সবার সামনে ওরা হেডস্যারকেও লাথি মারে।’জানা গেছে, ১৯৭৪ সালের ২৫ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানের চার একর ৯৬ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে ১৯৭৯ সালে ইউসুপ আলীকে ক্ষতিপূরণ দিয়ে দুই একর ৬২ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়। আবুল খায়ের ও আবদুল মালেক ওই জমির মালিকানা দাবি করে দখলের চেষ্টা চালাচ্ছেন। যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক সাব্বিরুল আলম বলেন, ‘আদালতের রায় আবুল খায়ের ও আবদুল মালেকের পক্ষে থাকলেও প্রশাসনের সহযোগিতা না নিয়ে তাঁরা স্কুলের জমি দখল করতে কেন যাবেন? দখল নিতে গিয়ে তাঁরা শিক্ষক ও শিক্ষার্থীদের মারধর করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।’ এ ব্যাপারে প্রধান শিক্ষক বাদী হয়ে মঙ্গলবার দুপুরে থানায় মামলা করেছেন।