যশোরে স্কুলের মাঠ দখলের চেষ্টা বোমা বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের শংকরপুর এলাকার বেসরকারি সারথী পৌর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখলের চেষ্টাকালে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে তিনজন আহত হয়েছে।
সংঘর্ষের সময় দখলদারদের পক্ষের জাকির ও জাহাঙ্গীরকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। এ সময় লাঠির আঘাতে স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র রাকিব হোসেন আহত হয়। জাকির ও জাহাঙ্গীরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহাঙ্গীরকে আটক দেখিয়ে পুলিশের হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর জাকির অচেতন রয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সকাল নয়টা ৪০ মিনিটে শংকরপুর এলাকার এক ব্যক্তি ৪০-৫০ জনের একটি দল নিয়ে স্কুলের মাঠের সাড়ে ১৬ শতক জমির দখল নিতে যান। তাঁরা মাঠের মধ্যে সীমানা চিহ্নিতকরণের পিলার বসানোর সময় স্কুলের শিক্ষক ও স্থানীয় লোকজন বাধা দেন। কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা স্কুলের সামনে তিনটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। মুহূর্তের মধ্যে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করে। এ সময় দখলদারেরা পালিয়ে গেলে স্থানীয় লোকজন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে।