যশোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অপরাধে স্বামী কৃষ্ণপদ সরকারকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন যশোরে একটি আদালত। আজ সোমবার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) অমিত কুমার দে এ রায় দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কৃষ্ণপদ যশোরের কেশবপুর উপজেলার নারায়ণপুর গ্রামের শান্তিরাম সরকারের ছেলে কৃষ্ণপদ সরকার। স্ত্রী আন্না সরকারকে হত্যার দায়ে আদালত এ রায় দেন।
মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, ২০০৩ সালের ১ এপ্রিল কেশবপুরের নারায়ণপুর গ্রামের কৃষ্ণপদ সরকার তাঁর স্ত্রী আন্না সরকারকে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেন। এ ঘটনায় নিহত নারীর ভাই জ্যোতিষ চন্দ্র রায় বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। ওই মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত কৃষ্ণপদকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন। হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্ত কৃষ্ণপদ পলাতক রয়েছেন।
আইনজীবী জানান, ওই মামলা থেকে কৃষ্ণপদের মা করুণা কর্মকার ও তাঁর স্বজন পঞ্চানন কর্মকারকে আদালত বেকসুর খালাস দিয়েছেন।