যশোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে আবদুল্লাহ ওরফে তিতুমীর নামে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। আজ বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) অমিত কুমার দে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আবদুল্লাহ যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।

আদালতে মামলার এজাহার সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার মোবারককাটি গ্রামের কবির হোসেনের মেয়ে সালমা খাতুনের সঙ্গে আবদুল্লাহর বিয়ে হয়। বিয়ের পর থেকেই আবদুল্লাহ যৌতুক হিসেবে মোটরসাইকেল দাবি করে আসছিলেন। দাবি মেটাতে ব্যর্থ হওয়ায় তিনি স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন। ২০১২ সালের ৯ জুলাই সালমাকে মারপিট করে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত সালমার বাবা কবির হোসেন বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আইনজীবী ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামি আবদুল্লাহকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করে রায় দেন। এ সময় কাঠগড়ায় হাজির ছিলেন আসামি আবদুল্লাহ। রায় ঘোষণার পর বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।