যশোরে স্বর্ণালংকারের দোকানে সন্ত্রাসী হামলা, আহত ২
যশোর শহরের কোতোয়ালি থানাসংলগ্ন স্বর্ণপট্টি এলাকায় গত মঙ্গলবার রাতে একটি স্বর্ণালংকারের দোকানে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ সময় তারা দোকান কর্মচারীসহ কয়েকজনকে মারধর করে। পরে পালানোর সময় তারা দু-তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় ১৫-২০ জন সশস্ত্র সন্ত্রাসী শহরের বড়বাজার (প্রধান বাজার) এলাকায় চৌধুরী আবাসিক হোটেলের স্বত্বাধিকারী রাজীব হাসানকে খুঁজতে যায়। এ সময় হোটেলের ফটকে তালা দেখে সন্ত্রাসীরা রাজীবের নয়না জুয়েলার্সে গিয়ে এক কর্মচারীকে মারধর করে। যাওয়ার সময় তারা সেখানে দু-তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার স্প্লিন্টারে বাজারের কয়েকটি দোকানের কর্মচারী ও পথচারী আহত হন। এ সময় সন্ত্রাসীদের দায়ের কোপে আরও দুজন গুরুতর আহত হন। তাঁরা হলেন যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান ও শার্শা উপজেলার গোগা গ্রামের মনির হোসেন। তাঁদের যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা করেছে পুলিশ। রাজীব হাসান অভিযোগ করেন, থানাসংলগ্ন চুড়িপট্টির মোস্তাক নাসির ওরফে বিদ্যুৎসহ কয়েকজন দুপুরে তাঁর হোটেলে ওঠার চেষ্টা করে। এ সময় মোস্তাক নাসিরের সঙ্গে হোটেলের লোকজনের বাগিবতণ্ডা হয়। বিকেলে এ বিষয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়। এই ঘটনার জের ধরে মোস্তাক নাসির ও তার লোকজন সন্ধ্যায় হোটেলে হামলার চেষ্টা করে। ব্যর্থ হয়ে তারা নয়না জুয়েলার্সে হামলা চালায়।এ ব্যাপারে মোস্তাক নাসির বলেন, ‘হামলায় আমি জড়িত নই। ওই হোটেলে আমাকে মারধর করা হয়। আমি ব্যবস্থা নেব।’ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।