যশোরে স্বেচ্ছাসেবক লীগের নেতা খুন, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ইদ্রিস আলীকে (৩৮) কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। রামনগর বিনোদনকেন্দ্র ‘ক্ষণিকা’সংলগ্ন এলাকায় গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ইদ্রিস আলী রামনগরের ওই বিনোদনকেন্দ্র এলাকার সদর আলী গাজীর ছেলে। এ ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পরে তারা রাজারহাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ইনামুল কবির প্রথম আলোকে বলেন, শুক্রবার রাত ১১টার দিকে স্থানীয় বিহারিক্যাম্প বাজার থেকে হেঁটে ইদ্রিস আলী বাড়ি ফিরছিলেন। ওই বিনোদনকেন্দ্রের কাছাকাছি পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাঁকে দা দিয়ে কুপিয়ে ও গুলি করে চলে যায়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় ইদ্রিসকে নিয়ে যশোর জেনারেল হাসপাতালের উদ্দেশে রওনা দেয়। পথে ইদ্রিসের মৃত্যু হয়। পুলিশ জানায়, ময়নাতদন্তের সময় ইদ্রিসের পেট থেকে একটি গুলি বের করা হয়েছে। এ ছাড়া ধারালো অস্ত্রের আঘাতে তাঁর ডান হাতের একটি আঙুল পড়ে গেছে। অপর একটি আঙুল ঝুলছিল। মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ইদ্রিসের ভাগনে হাফিজুর রহমান জানান, একই এলাকার ইস্রাফিলের সঙ্গে জমি নিয়ে তাঁর মামার বিরোধ ছিল। মামা বিষয়টি মিটিয়ে ফেলতে বেশ কয়েকবার আলোচনায় বসেন। কিন্তু ইস্রাফিলের পক্ষের গড়িমসির কারণে সেই বিরোধ মেটেনি। এ ঘটনার জের ধরে তাঁর মামা খুন হয়েছেন। এদিকে ইদ্রিস আলীর লাশ নিয়ে গতকাল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন শহরে বিক্ষোভ মিছিল ও কোতোয়ালি থানার সামনে সমাবেশ করে। সমাবেশ থেকে ৭২ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার ও দায়িত্বে অবহেলার কারণে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল ভুঁইয়ার অপসারণ দাবি করা হয়। সমাবেশ শেষে তারা রাজারহাট এলাকায় সড়ক অবরোধ করে। এ কারণে বেলা সাড়ে ১১টা থেকে তিনটা পর্যন্ত এই সড়কে চলাচলকারী যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। এ সময় রাস্তা দুই দিকে কয়েক শ যানবাহন আটকা পড়ে। তিনটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন খান ও ওসি আবদুল জলিল ভুঁইয়া ঘটনাস্থলে গিয়ে ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। এ ব্যাপারে যশোরের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাঈমুল হক প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে ইদ্রিস খুন হয়েছেন। পাবনায় যুবক খুন: পাবনা অফিস জানায়, শহরের শালগাড়ীয়া মহল্লায় শুক্রবার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম মো. মাহমুদুর রহমান (২৮)। পুলিশ ও এলাকাবাসী জানান, মহল্লার হাসপাতাল মাঠে শুক্রবার বিকেলে ফুটবল খেলা নিয়ে স্থানীয় কিছু যুবকের সঙ্গে মাহমুদুরের তর্ক হয়। বিষয়টি মীমাংসার জন্য রাত সাড়ে আটটার দিকে ওই যুবকেরা তাঁকে বাড়ির বাইরে থেকে ডাকাডাকি করে। এ সময় মাহমুদুর বাড়ি থেকে বের হওয়া মাত্র সন্ত্রাসীরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ময়নাতদন্তের পর মাহমুদুরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে।