যশোরে সড়ক দুর্ঘটনায় তিন কিশোর নিহত
যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত যান আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর-নড়াইল সড়কের পূর্বপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরেরা আলমসাধুর যাত্রী ছিল। তারা হলো বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সিরাজুল মোল্লার ছেলে গফুর হোসেন (১৭), মনছের আলীর ছেলে হাবিবুর রহমান (১৩) ও মাজেদ ফকিরের ছেলে রুবেল হোসেন (১৫)।
ঘটনার পর স্থানীয় লোকজন ওই মোড়ে গতিরোধকের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় অন্তত দুই ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে বেলা দুইটার দিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, উপজেলার চাড়াভিটা বাজারে পণ্য পরিবহনের কাজ করে দুপুরে তিনজন আলমসাধুতে চড়ে বাড়িতে ফিরছিল। আলমসাধুটি শ্রীরামপুর গ্রামের মোড়ে পৌঁছালে যশোরগামী যাত্রীবাহী একটি পরিবহনের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুবেল নিহত হয়। হাবিবুর হাসপাতালে নেওয়ার পথে ও গফুর হাসপাতালের নেওয়ার কিছুক্ষণ পরে মারা যায়।
এ ব্যাপারে জানতে চাইলে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস প্রথম আলোকে বলেন, ঘটনার পর চালক বাস ফেলে পালিয়ে গেছেন। বাসটি পুলিশের হেফাজতে আছে। তিনি বলেন, নিহতদের স্বজনেরা লাশের ময়নাতদন্ত করাতে রাজি হননি। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আনছার আলী খান প্রথম আলোকে বলেন, নিহত তিনজন মাছের ঘেরে জাল টানাসহ দিনমজুরের কাজ করত। তাদের বাবারা দিনমজুরের কাজ করেন বলেও তিনি জানান।