যশোরে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৩
যশোর সদর উপজেলার শানতলা এলাকায় আজ রোববার সকালে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন।
নিহত ব্যক্তিরা হলেন যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের দুই ভাই লাভলু ঢালী (৩৫) ও জাকির হোসেন ঢালী (৪৫) এবং একই এলাকার ফরিদ হোসেন (২৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দেশীয় ইঞ্জিনচালিত থ্রি হুইলার সকালে চৌগাছা থেকে যশোরের দিকে ছেড়ে যায়। থ্রি হুইলারটি যশোর-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের শানতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে থ্রি হুইলারে থাকা লাভলু ঢালী ঘটনাস্থলেই মারা যান। বাকি দুজন যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই মারা যান। গুরুতর আহত ছয়জনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হিমেল হোসেন বলেন, বাসটি আটক করা হয়েছে। কিন্তু বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এখনো মামলা হয়নি।