যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চারজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চূড়ামনকাটি বাজারে গতকাল মঙ্গলবার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। একই দিন বসুন্দিয়া দোলনঘাটার মোড়ে পিকআপ উল্টে দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন যশোর সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়ার বাসিন্দা ও মোটরসাইকেল আরোহী আবদুল আজিজ বিশ্বাস (৫৮), চাঁচড়া কলোনিপাড়ার হাসান আলী (৪২) এবং পিকআপের আরোহী চূড়ামনকাটি এলাকার মিলন (২৪) ও শাহিন (১৫)।প্রত্যক্ষদর্শী ও যশোর কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের চূড়ামনকাটি বাজারে ঝিনাইদহমুখী একটি মোটরসাইকেল পৌঁছায়। এ সময় যশোরগামী একটি ট্রাক এটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মিলন ও শাহিন নিহত হন। দুর্ঘটনার পর ঘাতক চালক ট্রাক ফেলে পালিয়ে যান। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা গেছে, মাছের রেণু আনার জন্য যশোরের ১৪-১৫ জন ব্যবসায়ী পিকআপে করে খুলনা যাচ্ছিলেন। গতকাল সকাল সাতটার দিকে বসুন্দিয়ার দোলনঘাটার মোড়ে পৌঁছানোর পর পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে আবদুল আজিজ বিশ্বাস নিহত ও অপর ১৩ জন আহত হন। হাসপাতালে নেওয়ার পর হাসান আলী মারা যান। যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সন্তু বিশ্বাস বলেন, এ ব্যাপারে দুটি মামলার প্রস্তুতি চলছে।