যশোরে সড়ক দুর্ঘটনায় বিজিবির ১০ সদস্য আহত
যশোর সদর উপজেলার যশোর-নড়াইল সড়কের ছাতিয়ানতলা এলাকায় ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) একটি গাড়ি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ১০ জওয়ান আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
হাসপাতালে চিকিত্সাধীন জওয়ানেরা হলেন সুবেদার হুমায়ন কবির, নায়েক জুবায়ের, ল্যান্স নায়েক জাকির হোসেন, এমদাদুল হক, আল মামুন, চণ্ডীচরণ মিত্র, মোশারফ হোসেন, জাহিদ হোসেন, মফিজুর রহমান ও গাড়িচালক হুমায়ুন।
হাসপাতালে চিকিত্সাধীন ল্যান্স নায়েক জাকির হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, সকালে বিজিবির যশোর কার্যালয় থেকে কয়েকটি গাড়ি নড়াইলের দিকে যাচ্ছিল। যশোর থেকে প্রায় ১০ কিলোমিটার যাওয়ার পর তাঁদের বহনকারী গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়টি সড়কের পাশে গাছের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। এতে ওই গাড়িতে থাকা বিজিবির ১০ জন সদস্য আহত হন।
এ ব্যাপারে বিজিবির ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান প্রথম আলো ডটকমকে জানান, অবরোধে বেসামরিক লোকজনকে সহায়তায় বিবিজি মোতায়েন রয়েছে। এরই অংশ হিসেবে সকালে বিজিবির একটি দল নড়াইলে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। আহত জওয়ানদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।