যশোরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর-ঢাকা মহাসড়কের যশোর সদর উপজেলার মনোহরপুর এলাকায় গতকাল শুক্রবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হচ্ছেন এক্সিম ব্যাংকের ঢাকার একটি শাখার কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস (৩২) ও যশোর শহরের চাঁচড়া এলাকার এনাম সাঈদের ছেলে মইনুদ্দিন সুমন (২০)। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস যশোরের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি শুক্রবার সকাল ছয়টার দিকে মনোহরপুরে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী জান্নাতুল ফেরদৌস নিহত হন। আর সুমনকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।শহর ট্রাফিক পুলিশের পরিদর্শক সিদ্দিকুর রহমান বলেন, চাকরির প্রথম মাসের বেতনের টাকা নিয়ে অসুস্থ মাকে দেখার জন্য যশোর শহরের পুরাতন কসবার বাসায় আসছিলেন জান্নাতুল ফেরদৌস। পথে সড়ক দুর্ঘটনায় তিনি নিজেই লাশ হয়ে বাড়িতে ফিরলেন। তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নগর সাওতা গ্রামে।যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সন্তু বিশ্বাস জানান, মইনুদ্দিন সুমন এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।