যশোরে সড়কের জায়গায় এটিএম বুথ, যানজট
যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড়সংলগ্ন এলাকায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের রাস্তার জায়গা দখল করে সোনালী ব্যাংকের এটিএম বুথ নির্মাণ করায় রাস্তাটি সরু হয়ে গেছে। এ কারণে ব্যস্ত ওই মোড়ে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। সড়কের জায়গা দখলমুক্ত করার জন্য ইতিমধ্যে ব্যাংক কর্তৃপক্ষকে দুই দফা চিঠি দেওয়া হয়েছে। চিঠির অনুলিপি জেলা প্রশাসকের দপ্তরেও পাঠানো হয়েছে। এদিকে দড়াটানা মোড়সংলগ্ন এলাকায় সড়ক সংস্কার ও প্রশস্ত করার কাজ চলছে। জায়গাটি দখলমুক্ত না হওয়ার কারণে সড়কের পাশে হেঁটে চলার পথ নির্মাণ করা যাচ্ছে না বলে সওজ কর্মকর্তারা জানিয়েছেন।গত ১৬ এপ্রিল সোনালী ব্যাংক কালক্টরেট শাখা ব্যবস্থাপকের কাছে এ ব্যাপারে সওজ একটি চিঠি দিয়েছে। সওজ যশোরের সড়ক উপবিভাগ-১-এর উপবিভাগীয় প্রকৌশলী এস এম মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সোনালী ব্যাংকের ওই এটিএম বুথের বাইরের রেলিংসহ বর্ধিত অংশ সওজের রাস্তার জায়গায় নির্মাণ করা হয়েছে। সাত দিনের মধ্যে রাস্তা দখলমুক্ত করার জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বুথের বারান্দা সড়কের নর্দমার ওপর নির্মাণ করা হয়েছে। বুথের পাশে অটোরিকশার স্ট্যান্ড। ব্যস্ততম ওই সড়কে হেঁটে চলার পথ নেই। কারণ, সড়কের পাশের খালি জায়গার ওপরই বুথটি নির্মাণ করা হয়েছে।ব্যাংকের ব্যবস্থাপক সাহেব আলী বলেন, ‘জেলা প্রশাসকের পরামর্শ অনুযায়ী মাস পাঁচেক আগে ব্যাংকের এটিএম বুথটি নির্মাণ করা হয়। বিষয়টি জেলা প্রশাসক ফয়সালা করবেন।’ জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বর্তমানে বিদেশে থাকায় জেলা প্রশাসকের দায়িত্বে আছেন অতিরিক্ত জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম। তিনি বলেন, ‘সম্প্রতি আমি জেলা প্রশাসকের দায়িত্ব পেয়েছি। বিষয়টি আমার জানা নেই। মোস্তাফিজুর রহমান ২৭ জুন পুনরায় জেলা প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করে এ বিষয়ে ব্যবস্থা নেবেন।’