যশোরে সড়কের দুই পাশে মাটি নেই, ঘটছে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের মনিহার-মুড়ুলি সড়কের দুই পাশে কোনো ফুটপাত নেই। সড়কের দুই পাশে মাটি না থাকায় লোকজনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। সড়কটি সরু হওয়ায় যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারে না। এতে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে, ঘটছে দুর্ঘটনা।সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, তিন কিলোমিটার দীর্ঘ এ সড়কের দুই পাশে মাটি নেই। অধিকাংশ জায়গায় সড়কের দুই পাশে খাদের সৃষ্টি হয়েছে। যানবাহনের চালকেরা নিরাপদে অন্য গাড়িকে পাশ কাটিয়ে যেতে পারছে না। এলাকাবাসী জানান, সাইড দিতে গিয়ে মাঝেমধ্যে যানবাহন রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সড়কের পাশে র‌্যাব-৬-এর কার্যালয়, সরকারি বক্ষব্যাধি হাসপাতাল, মেডিকেল টেকনোলজি কলেজ, কপোতাক্ষ লায়ন চক্ষু হাসপাতাল, জামি’আ কুরআনিয়া মাদ্রাসা ও এতিমখানা, বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজি মোহাম্মদ মহসীন মাধ্যমিক বিদ্যালয়, মহসীন স্মৃতি প্রাথমিক বিদ্যালয়, ক্লাব হাউস পাবলিক স্কুল, জোড়া মন্দির, মসজিদ এবং প্রায় অর্ধশত কারখানাসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।সড়ক ও জনপথ বিভাগের (সওজ) যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, বছরখানেক আগে সড়কটির সংস্কারকাজ শেষ হয়েছে। মনিহার থেকে মুড়ুলি পর্যন্ত তিন কিলোমিটারের এ সড়কটির প্রস্থ ৩০ ফুট। সড়কের দুই পাশে আরও প্রায় ১০ ফুট জায়গা থাকলেও মূল সড়কের সঙ্গে এর কোনো সংযোগ স্থাপন করা হয়নি।এ সড়কের পাশের ময়দা তৈরির একটি কারখানার হিসাবরক্ষক ইদ্রিস আলী জানান, শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক এটি। অথচ বছরের পর বছর ধরে এ সড়কের দুই পাশে মাটি ফেলা হয়নি।হাজি মোহাম্মদ মহসীন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাহমিনা সুলতানা জানান, মাসখানেক আগে জোড়া মন্দির এলাকায় একটি ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এর দুই মাস আগে আমার স্কুলের দুই শিক্ষার্থী ইজিবাইকের ধাক্কায় আহত হয়। গত এক বছরে এ সড়কে দুর্ঘটনায় ১০-১২ জন লোক হতাহত হয়েছেন। সড়কটির পাশে চার থেকে পাঁচটি স্কুল রয়েছে। এসব স্কুলের অনেক শিক্ষার্থী হেঁটে স্কুলে আসা-যাওয়া করে। অথচ সড়কের পাশে হাঁটার কোনো জায়গা নেই। এ কারণে প্রতিনিয়ত লোকজন দুর্ঘটনার শিকার হচ্ছে।সওজ, যশোরের উপসহকারী প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাস বলেন, ‘বছরখানেক আগে শহরের পালবাড়ির ভাস্কর্যের মোড় থেকে মুড়ুলী পর্যন্ত সাত কিলোমিটার সড়ক সংস্কারের কাজ শেষ হয়। ওই সময়ে প্রকল্পের নকশায় ফুটপাত রাখা হয়নি। সড়কের দুই পাশে মাটি নেই, বিষয়টি আমরাও দেখেছি। তবে নতুন করে প্রকল্প অনুমোদন না হওয়া পর্যন্ত কিছুই করার নেই।’