যশোরে হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে এক ব্যক্তিকে হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।
নিহত খেজের আলী তরফদার যশোরের মনিরামপুর উপজেলার কুমারঘাটা গ্রামের বাসিন্দা।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন যশোরের কেশবপুর উপজেলার কাকবাঁধাল গ্রামের হায়দার আলী, ময়নাপুর গ্রামের তুষার মণ্ডল, আড়য়া গ্রামের হিরামন মালী ও সুকৃতি মণ্ডল, খুলনার ডুমুরিয়া উপজেলার ময়না গ্রামের প্রিতিশ মণ্ডল, বরাতিয়া গ্রামের প্রশান্ত। তাঁদের মধ্যে হায়দার, তুষার ও প্রিতিশ কারাগারে আছেন। অন্যরা পলাতক আছেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ১৩ জুলাই রাতে খেজের আলী তরফদারকে রাত সাড়ে ১১টার দিকে সন্ত্রাসীরা বাড়ি থেকে ধরে নেয়। পরে তারা খেজের আলীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।