যশোরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যশোরের আদালত। যশোরের মনিরামপুর উপজেলার কুমারঘাটা গ্রামের খেজের আলী তরফদার হত্যা মামলায় সোমবার বিকেলে স্পেশাল জজ (জেলা জজ) ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন যশোরের কেশবপুর উপজেলার কাকবাঁধাল গ্রামের হায়দার আলী, ময়নাপুর গ্রামের তুষার মণ্ডল, আড়ুয়া গ্রামের হিরামন মালী ও সুকৃতি মণ্ডল, খুলনার ডুমুরিয়া উপজেলার ময়না গ্রামের প্রীতিশ মণ্ডল, বরাতিয়া গ্রামের প্রশান্ত ওরফে প্রো।
সরকারি কৌঁসুলি এস এম বদরুজ্জামান পলাশ প্রথম আলোকে বলেন, দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা আদায়ের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত হায়দার, তুষার ও প্রীতিশ কারাগারে আটক রয়েছেন। অন্য তিনজন পলাতক।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ১৩ জুলাই রাতে খেজের আলী তরফদারের বাড়ির সবাই ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে সন্ত্রাসীরা খেজের আলীকে বাড়ি থেকে ধরে রাস্তার ওপর নিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। এ ব্যাপারে নিহত ব্যক্তির ছেলে মাসুদ রেজা বাদী হয়ে মনিরামপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তের সময় পুলিশ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হায়দার আলীকে আটক করে। পর তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আরও কয়েকজনের নাম উল্লেখ করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।