যশোরে হত্যাকাণ্ডের ঘটনায় দুই মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার হামকুড়া এলাকায় ছিনতাইকারীর গুলিতে শাহিন রেজা নামের এক ব্যক্তি ও গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত হওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে কোতোয়ালি থানায় এ মামলা করা হয়।এদিকে ক্ষুব্ধ জনতার পিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর পরিচয় মিলেছে। তাঁরা হলেন যশোর শহরের সিটি কলেজপাড়া এলাকার সাজ্জাদ (২৮) ও পুরাতন কসবা কাজীপাড়া এলাকার জিম (২৫)।এ ব্যাপারে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নিহত সাজ্জাদ ও জিম চিহ্নিত ছিনতাইকারী। তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে সাজ্জাদ ছিনতাইয়ের একটি মামলায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছিল।’ময়নাতদন্ত শেষে সাজ্জাদ ও জিমের লাশ গতকাল তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এদিকে গতকাল জোহরের নামাজ শেষে সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের বাড়িতে শাহিন রেজার জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শাহিনকে দাফন করা হয়।গত মঙ্গলবার বিকেলে হামকুড়া এলাকায় যশোর-নড়াইল সড়কে ছিনতাই ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে খুন হন শাহিন রেজা। জখম হন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুর রউফ। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা দুই ছিনতাইকারীকে পিটিয়ে হত্যা করে।হত্যাকাণ্ডের পর পলাতক দুই ছিনতাইকারীকে গ্রেপ্তারের ব্যাপারে এসআই আনিছুর রহমান বলেন, পলাতক ছিনতাইকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।