যশোরে হাজতে মাদকাসক্ত তরুণের আত্মহত্যা
যশোর কোতোয়ালি থানার হাজতে ইমরান হোসেন (২৪) নামের এক মাদকাসক্ত যুবক আত্মহত্যা করেছেন। গত শনিবার রাত ১১টার দিকে হাজতের ভেন্টিলেটরের রডের সঙ্গে গলায় শার্ট পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর বাড়ি শহরের শংকরপুর জমাদারপাড়ায়।থানার পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ইমরান মাদক সেবন করে তাঁর বাবা ও ভাইকে মারধর ও ঘরের আসবাব ভাঙচুর করলে স্থানীয় লোকজন এসে ৪০ পুরিয়া হেরোইনসহ তাঁকে পুলিশে দেন। পরে তাঁর বিরুদ্ধে পুলিশ মামলা করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, দুপুরের পর থেকে মাদকের নেশায় ইমরান চিৎকার করতে থাকে। রাতে ইমরানসহ পাঁচজন হাজতির সবাই একসঙ্গে খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১১টার দিকে হাজতের পাহারাদার (সেন্ট্রি) দেখেন ভেন্টিলেটরের সঙ্গে ইমরানের লাশ ঝুলছে।একই কক্ষে থাকা হাজতি তৌফিকুল ইসলাম জানান, বিকেল থেকেই ‘হেরোইন দে, হেরোইন দে’ বলে ইমরান চিৎকার করছিল। একপর্যায়ে পুলিশ তাঁকে বারান্দার গ্রিলের সঙ্গে হাতকড়া দিয়ে বেঁধে রাখে। সে আর চিৎকার করবে না বলে প্রতিশ্রুতি দিলে তাঁকে আবার হাজতে নিয়ে আসা হয়। তিনি বলেন, ‘রাত নয়টার দিকে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। পরে সেন্ট্রির ডাকে উঠে দেখি ভেন্টিলেটরের রডে ইমরানের লাশ ঝুলছে।’