
যশোরে নিখোঁজ হওয়ার প্রায় দুই সপ্তাহ পরও সন্ধান মেলেনি মো. শাওন মির্জা নামের এক তরুণের। পরিবারের সদস্যদের অভিযোগ, সাদাপোশাকের একদল পুলিশ শাওনকে তুলে নিয়ে গেছে। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে থানার পুলিশ বলছে, আটকের পর শাওন পালিয়ে গেছেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
শাওন যশোর শহরের শংকরপুর এলাকার মির্জা কবির হোসেনের ছেলে। শহরের জজকোর্ট মার্কেটে তাঁর একটি পোশাকের দোকান রয়েছে। শাওনকে খুঁজে পেতে পুলিশের সহযোগিতা চেয়ে পরিবারের পক্ষ থেকে গত রোববার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়। লিখিত বক্তব্য পড়েন শাওনের ফুফু শিউলি মির্জা। তিনি বলেন, ‘৫ এপ্রিল যশোর পৌর পার্ক থেকে সাদাপোশাকের একদল পুলিশ শাওনকে পেটাতে পেটাতে মাইক্রোবাসে করে তুলে নেয়। শাওনকে খুঁজে পাওয়ার জন্য থানার পুলিশসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ব্যর্থ হই। পরের দিন স্থানীয় সংবাদপত্রে শাওন পুলিশের হাতে আটক হয়েছে বলে খবর বের হয়। এরপর ফের পুলিশের সঙ্গে যোগাযোগ করি। শাওনের আটকের বিষয়টি পুলিশ অস্বীকার করে। শাওন পুলিশের হাত থেকে পালিয়ে গেছে মর্মে কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।’
শিউলি মির্জা আরও বলেন, ‘শাওন ১৬ বছর বয়সের নিতান্তই শিশু। নবম শ্রেণিতে পড়াকালে লেখাপড়ায় সে অমনোযোগী হয়ে পড়ে। যাতে সে বিপথে চলে না যায়, সে জন্য পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে তাকে জজকোর্ট মার্কেটে একটি পোশাকের দোকান করে দেওয়া হয়। “প্রিয়া ফ্যাশন” নামে ওই দোকানটি সে সুনামের সঙ্গে চালাচ্ছিল।’
সংবাদ সম্মেলনে শাওনকে খুঁজে পেতে পুলিশের সহযোগিতা চাওয়া হয়। শাওন যদি কোনো অপরাধ করে থাকেন, তাহলে তাঁকে বিচারের আওতায় এনে শাস্তি দেওয়ার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেওয়ারও আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন শাওনের বাবা মির্জা কবির হোসেন ও ফুফা মিজানুর রহমান।
এ ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ‘কোতোয়ালি থানার উপপরিদর্শক শফিকুল ইসলামের নেতৃত্বে শাওনকে পৌর পার্ক থেকে আটক করা হয়েছিল। কিন্তু কৌশলে হাতকড়া খুলে সে পালিয়ে যায়। এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে ওই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’
ওসি আজমল হুদা আরও বলেন, ‘শাওন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বয়স ২২-২৩। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা, বিস্ফোরক, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।’