যশোরে ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর শহরের রেলগেট এলাকায় একই সময়ে বিএনপি ও আওয়ামী লীগ সমাবেশ করার উদ্যোগ নিলে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। গতকাল রোববার বেলা তিনটা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল ছিল।জানা যায়, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে যশোর পৌর বিএনপি বেলা তিনটায় রেলগেটের বেনাপোল বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশের ডাক দেয়। শহর যুবলীগের কর্মী আমিনুর রহমানের হত্যাকারীদের বিচারের দাবিতে একই সময়ে ওই স্থানে সমাবেশ আহ্বান করে যশোর পৌর এলাকার ৫ ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ।জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান বলেন, দুই দল একই জায়গায় একই সময়ে সমাবেশ ডাকায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাই সংঘাত এড়াতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।