যশোর শহরের ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ১৭৪ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি তিনজন শিক্ষক ও দুজন কর্মচারীকে প্রণোদনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি যশোর-৩ আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ। কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কনকর্ড গ্রুপ অব কোম্পানির প্রতিনিধি মামুনুর রশিদ ও কলেজ পরিচালনা কমিটির সদস্য শেখ আবদুল মতলেব।
অনুষ্ঠানে ডা. আবদুর রাজ্জাক মেমোরিয়াল ট্রাস্ট শিক্ষাবৃত্তি হিসেবে ১৪৯ শিক্ষার্থীর মাঝে ৪ লাখ ৪৭ হাজার টাকা এবং এস এম কামাল উদ্দিন শিক্ষাবৃত্তি হিসেবে ২৫ জন শিক্ষার্থীকে ৭৫ হাজার টাকা দেওয়া হয়।
এ ব্যাপারে প্রধান অতিথি কাজী নাবিল আহমেদ বলেন, সরকার শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বিনিয়োগ করেছে। এ কারণে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে। আর এ সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে। দেশের সেবা করতে হবে।