যশোরে ৪১০৫ বোতল ফেনসিডিলসহ চার ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহর থেকে গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার দুটি পৃথক অভিযানে চার হাজার ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন র‌্যাব-৬-এর সদস্যরা। গ্রেপ্তার করা হয় চারজনকে।তাঁরা হলেন: শার্শা উপজেলার উলসী গ্রামের জাহাঙ্গীর আলম ও বালুণ্ডা গ্রামের মুছা করিম এবং গাজীপুরের কমলেশ্বর গ্রামের আলী আবেদিন ও বাগেরহাট সদর উপজেলার দড়িতাল্লুক গ্রামের সাইদ আহম্মেদ। তাঁরা বেনাপোল থেকে গাড়িতে করে ফেনসিডিল পাচার করছিলেন। এর মধ্যে জাহাঙ্গীর ও মুছাকে গতকাল সকালে শহরের চাঁচড়া মোড় থেকে এক হাজার ৭০৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রেলগেট এলাকা থেকে দুই হাজার ৪০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয় আলী ও সাইদকে। এ ব্যাপারে থানায় পৃথক মামলা হয়েছে।বৃহস্পতিবার চৌগাছা উপজেলার আন্দেলিয়া গ্রামে র‌্যাবের আরেকটি অভিযানে ৫০০ গ্রাম হেরোইন, দুটি পিস্তল, পিস্তলের চারটি গুলি ও আটটি এয়ারগান উদ্ধার করা হয়। তবে ওই অভিযানে কাউকে আটক করা যায়নি। গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘আশরাফুল সোহাগ নামের এক ব্যক্তি বেনাপোল থেকে মাইক্রোবাসটি চালিয়ে শার্শার নাভারন এলাকায় আসেন। তিনি আমাকে গাড়িটি চাঁচড়ার মোড়ে পৌঁছে দিতে বলেন। চাঁচড়া থেকে আরেক চালক মাইক্রোবাসটি আরেক স্টেশনে নিয়ে যাবেন। এভাবে বেনাপোল থেকে ঢাকায় মাদক পাচার হয়।’