যশোরে ২২ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে করা মামলায় ৬৩ জন জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়। সদর উপজেলার ঝুমঝুমপুর ২২ ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২ গতকাল বুধবার এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দেওয়া হয়। সাতজনকে সর্বোচ্চ সাত বছর, দুজনকে ছয় বছর, চারজনকে পাঁচ বছর, সাতজনকে চার বছর, একজনকে তিন বছর, চারজনকে দুই বছর, অপর চারজনকে দেড় বছর, ২৯ জনকে এক বছর, চারজনকে ছয় মাস ও একজনকে সর্বনিম্ন চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারকমণ্ডলীর সভাপতি ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল এহিয়া আজম খান। সদস্য হিসেবে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাংক শেখর সরকার, লে. কর্নেল গাজী মো. খালিদ হোসেন ও লে. কমান্ডার তৌহিদুল ইসলাম। কৌঁসুলির দায়িত্ব পালন করেন ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক হাসিব আলম।রায় ঘোষণার পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিদের বেশ কয়েকজন আত্মীয়স্বজন ব্যাটালিয়ন সদর দপ্তরের বাইরে দাঁড়িয়ে ছিলেন। রায় শেষে সাজা পাওয়া জওয়ানদের কারাগারে নেওয়ার পথে তাঁদের স্বজনদের কেউ কেউ হাউমাউ করে কেঁদে ফেলেন। এ সময় জওয়ানদের কয়েকজনও আবেগাপ্লুত হয়ে পড়েন। কৌঁসুলি হাসিব আলম রায়ের পর সংবাদ ব্রিফিংয়ে জানান, ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি কয়েকজন জওয়ান মাইকে গুজব ছড়ান, ‘সেনাবাহিনী আসছে ব্যাটালিয়ন সদর দপ্তর আক্রমণ করার জন্য, তারা আমাদের মেরে ফেলবে। আপনারা অস্ত্র ও গোলাবারুদ ওঠান।’ এই গুজবেই বিদ্রোহের সূত্রপাত হয়। তখন কিছু সৈনিক অধিনায়কের নির্দেশ অমান্য করে অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করে নেন এবং জনমনে ভীতির সৃষ্টি করেন। কৌঁসুলি জানান, বিদ্রোহের তদন্ত শেষে বিশেষ আদালতে ২২ ব্যাটালিয়নের ৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। গত বছর ২৭ অক্টোবর মামলার প্রথম শুনানি হয়। ২১ জনের সাক্ষ্য, পর্যাপ্ত ভিডিওচিত্র, স্থিরচিত্র ও দলিলপত্র যাচাই করে আদালত গতকাল ওই রায় দেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনার সঙ্গে একাত্মতা প্রকাশ করে ২২ রাইফেল ব্যাটালিয়নসহ বিভিন্ন স্থানে বেশ কিছু জওয়ান বিদ্রোহ করেন। এ ঘটনায় ওই ব্যাটালিয়নের নায়েব সুবেদার সহকারী মো. শামসুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।