যশোরে ৭২ শতাংশ বাসের ফিটনেস নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে ৭২ শতাংশ যাত্রীবাহী বাসের ফিটনেস নেই। প্রশাসনের নজরদারির অভাবে ২০ বছর ধরে ত্রুটিপূর্ণ এসব পরিবহনের ফিটনেস নবায়ন করা হয়নি। এ জন্য পরিবহনের মালিকদের কাছে সরকারের আড়াই কোটি টাকা রাজস্ব বকেয়া পড়েছে।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যশোর সার্কেলের সহকারী পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, জেলার আওতায় মোটরসাইকেল বাদে সাত হাজার ৪৫৫টি নিবন্ধিত যানবাহন রয়েছে। এর মধ্যে চার হাজার ২৪৪টি ফিটনেসখেলাপি।গত বছরের ৮ সেপ্টেম্বর বিআরটিএর পরিচালকের কাছে পাঠানো ফিটনেসখেলাপি মোটরযানের তালিকায় এ তথ্য দেওয়া হয়েছে। বিআরটিএ যশোরের সহকারী পরিচালক জিয়াউর রহমান স্বাক্ষরিত ওই তালিকায় বলা হয়েছে, ২০১০ সাল পর্যন্ত মোট যানবাহনের ৫৭ শতাংশের ফিটনেস নেই। এর মধ্যে বাস ৭২ শতাংশ, মিনিবাস ৬৩, প্রাইভেট কার ৬২, জিপ ৭১, মাইক্রোবাস ৬৪, পিকআপ ৩৪, ট্রাক ৪২, ট্যাংকলরি ৩৯, অটোরিকশা ৯৬ ও হিউম্যান হলার ৯৭ শতাংশ।জিয়াউর রহমান বলেন, ১৯৯১ সাল থেকে এসব যানবাহনের ফিটনেস নবায়ন করা হয়নি। শুধু যাত্রীবাহী বাস ও মিনিবাসের মালিকদের কাছে ফিটনেসখেলাপির কমপক্ষে আড়াই কোটি টাকা রাজস্ব বকেয়া রয়েছে। ফিটনেস নবায়নের জন্য মোটরযানের মালিক ও পরিবহন মালিক সমিতিকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।ঝুঁকি নিয়ে চলছে ত্রুটিপূর্ণ যান: ১৯ মার্চ দুপুরে কেশবপুরের আঠার মাইল থেকে যশোর শিক্ষা বোর্ডে এসেছিলেন খুলনার ডুমুরিয়ার বাদুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী। তিনি বলেন, ‘যে বাসটিতে চড়ে এলাম, সেটি অনেকটা মুড়ির টিনের মতো। ব্যাগ রাখার তাক ভেঙে মাথার ওপরে ঝুলে পড়েছে। সিট খুবই সংকীর্ণ। বসতে গেলে হাঁটু লেগে যায়। বাসটির কাঠামো একপাশে হেলে পড়েছে। চলার সময় বাসটি দুলছিল।’ওই দিন যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, মাসকার্ড ও বেডফোর্ড মডেলের ৫০ বছরের পুরোনো কিছু বাস টার্মিনাল ছেড়ে যাচ্ছে। এসব পরিবহন সাধারণত ২৯-৩১ আসনের (সিট) হয়। সেগুলোতে নতুন আরও ১০টি আসন সংযোজন করা হয়েছে। এতে আসনের মাঝে জায়গা কমে গেছে। বসতে গেলে হাঁটু সামনের সিটে লেগে যায়। অধিকাংশ বাসের জানালার কাচ ভাঙা।কেশবপুর বাস-মিনিবাস ও ট্রাক মালিক সমিতির লাইন সম্পাদক (পথে চলাচলবিষয়ক) রফিকুল ইসলাম বলেন, যশোর-কেশবপুর-সাতক্ষীরা সড়কে তিন মালিক সমিতির ১৮২টি বাস চলাচল করে। এর মধ্যে ১৭৮টি মাসকার্ড ও বেডফোর্ড মডেলের। তিনি জানান, বাসগুলোর ব্লু-বুকে ২৯-৩১ আসনের কথা উল্লেখ আছে।জেলা টাস্কফোর্সের সদস্য বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী মাসকার্ড ও বেডফোর্ড মডেলের বাস অনেক আগেই পরিত্যক্ত হয়েছে। যেকোনো সময় সরকার অভিযান চালালে এসব বাস আর রাস্তায় নামতে পারবে না।ফিটনেসখেলাপির সত্যতা স্বীকার করে যশোর বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আলী আকবর বলেন, খেলাপির টাকা পরিশোধ করার মতো অবস্থা পরিবহন মালিকদের নেই। কারণ, প্রত্যেকের কাছে ১০-১২ লাখ টাকা পর্যন্ত বকেয়া রয়েছে। অথচ যে বাস রাস্তায় চলাচল করছে, তার দাম হয়তো এখন দেড়-দুই লাখ টাকা।প্রশাসনের নজরদারি: আঞ্চলিক পরিবহন কমিটির মাসিক সভায় যানবাহনের রুট পারমিট, কর ও ফিটনেসখেলাপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু তা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় না।জেলা টাস্কফোর্সের সদস্য পুলিশ সুপার কামরুল আহসান বলেন, ফিটনেসহীন যানবাহন আটকের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া যায়নি। এসব যানবহনের বিরুদ্ধে নিয়মিত জরিমানা আদায় করে মামলা দেওয়া হচ্ছে।গত ১৪ ফেব্রুয়ারি জেলা টাস্কফোর্স কমিটির সভায় বলা হয়েছে, ফিটনেসের আওতায় আনার জন্য বিআরটিএ থেকে বিশেষ ব্যবস্থা নিতে হবে। যেমন, একটি মোটরযানের ফিটনেস যে কয় বছর বকেয়া থাকবে তার হিসাব অনুযায়ী ৫০ শতাংশ টাকা জমা দিয়ে মালিকেরা ফিটনেস নেবেন। বাকি ৫০ শতাংশ কিস্তিতে জমা দেবেন।জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মোটরযানের ফিটনেসসংক্রান্ত সুপারিশ বিআরটিএ ও যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর ব্যবস্থা নেওয়া হবে।