যশোরে 'বন্দুকযুদ্ধে' দুই তরুণ গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ পাভেল শেখ (২১) ও শহিদুল ইসলাম (৩০) নামের দুই তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর গ্রামে গত রোববার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য, সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় ওই দুজন পায়ে গুলিবিদ্ধ হন। তবে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দুই তরুণ অভিযোগ করেছেন, তাঁদের চোখ বেঁধে শুইয়ে দিয়ে বন্দুক ঠেকিয়ে পায়ে গুলি করেছে পুলিশ।
দুই তরুণের মধ্যে পাভেল পিরোজপুরের নাজিরপুর উপজেলার বানিয়ারি গ্রামের কেরামত শেখের ছেলে। আর শহিদুল একই গ্রামের কুদ্দুস সরোয়ারের ছেলে। তবে তিনি খুলনা সদর উপজেলার দীঘলিয়া গ্রামে বাস করেন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমানের ভাষ্য অনুযায়ী, রোববার রাত তিনটার দিকে খবর আসে মাহমুদপুর গ্রামে সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করতে দুটি ফাঁকা গুলি করে পুলিশ। সন্ত্রাসীরা পালিয়ে গেলে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পাভেল ও শহিদুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেছেন। সেই সঙ্গে বিস্ফোরক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।
তবে মাহমুদপুর গ্রামের দুই বাসিন্দা বলেন, এই গ্রামে গ্রামীণফোনের টাওয়ারের যন্ত্রাংশ চুরির জন্য রোববার রাতে পাঁচ ব্যক্তি একটি পিকআপে করে আসেন। তাঁরা টাওয়ারের নিয়ন্ত্রণকক্ষে প্রবেশ করলে স্বয়ংক্রিয়ভাবে প্রধান কার্যালয়ে বার্তা চলে যায়। গ্রামীণফোনের প্রধান কার্যালয় থেকে স্থানীয় দায়িত্বপ্রাপ্ত ওহিদুর রহমানকে জানানো হলে তিনিসহ গ্রামের কয়েকজন বাসিন্দা দুর্বৃত্তদের ধাওয়া করেন। একপর্যায়ে তাঁরা শহিদুল ও পাভেল নামে দুই ব্যক্তিকে আটক করেন। অন্যরা পালিয়ে যান। পরে আটক দুজনকে বাঘারপাড়া থানার পুলিশ নিয়ে যায়।
ঘটনার একই বর্ণনা দেন ওহিদুর রহমানও। তবে তিনি বলেন, ‘কোনো বন্দুকযুদ্ধের কথা আমি শুনিনি।’
গতকাল সোমবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, শহিদুলের বাঁ পায়ে ও পাভেলের ডান পায়ে ব্যান্ডেজ জড়ানো। পাশে কয়েকজন পুলিশ সদস্য পাহারায় রয়েছেন। পাভেল বলেন, ‘আমি ট্রাকচালকের সহকারীর কাজ করি। পরিচিত একজন চালক টিপ (চালান) দেওয়ার কথা বলে আমাকে তাঁর ট্রাকে করে বাঘারপাড়ায় নিয়ে আসে। ওই ট্রাকে শহিদুলও ছিলেন। রাত তিনটার দিকে স্থানীয় লোকজন আমাদের মারধর করে। তখন পুলিশ হাসপাতালে নেওয়ার কথা বলে জনগণের কাছ থেকে আমাদের ছাড়িয়ে নেয়। পরে আমাদের চোখে গামছা বেঁধে দুজনকে শুয়ে পড়তে বলে পুলিশ। এরপর বন্দুক ঠেকিয়ে পায়ে গুলি করে। তারপর আর কিছু জানি না।’ শহিদুল হাওলাদারও অভিযোগ করেন, পুলিশ তাঁদের পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করেছে।
তবে অভিযোগ অস্বীকার করে বাঘারপাড়া থানার ওসি শেখ মতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ‘পুলিশ কাউকে গুলি করেনি।’