যশোরের অপহৃত ব্যবসায়ী ঢাকায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর থেকে অপহৃত ব্যবসায়ী নুর মোহাম্মদ বিশ্বাসকে ঢাকার মিরপুর থেকে গতকাল সোমবার রাতে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪ (র‌্যাব)। তাঁর মুক্তিপণ পাঁচ লাখ টাকা দাবি করা হয়েছিল।

সার ও খাদ্যপণ্য ব্যবসায়ী নুর মোহাম্মদকে অপহরণের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন মো. হুমায়ন কবির, আশরাফুজ্জামান, সৈয়দ মো. সেলিম ও নান্নু মিয়া।

আটক চারজনের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, একটি ডিজিটাল ক্যামেরা, নুর মোহাম্মদের মুঠোফোন ও একটি খেলনার পিস্তল উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে মিরপুরে র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‌্যাব-৪-এর অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান জানান, অপহরণকারীরা সম্ভবত যশোর থেকে নুর মোহাম্মদকে অনুসরণ করে ঢাকার গাবতলী বাস টার্মিনালের সামনে থেকে গত ৮ সেপ্টেম্বর অপহরণ করে। বাস থেকে গাবতলীতে নামার পরপরই ডিবি পুলিশ পরিচয়ে নুর মোহাম্মদকে ধরা হয়। চোখে কাপড় বেঁধে একটি বাসায় নিয়ে এক নারীর পাশে দাঁড় করিয়ে তাঁর আপত্তিকর ছবি তোলে অপহরণকারীরা। পরে তাঁকে দিয়ে তাঁর পরিবারের কাছে মুঠোফোনে কথা বলিয়ে পাঁচ লাখ টাকা পাঠাতে বলে। এ ঘটনায় সন্দেহ হলে র্যাবের কাছে অভিযোগ করে নুরের পরিবার।

আড়াই লাখ টাকা জোগাড় করে এসএ পরিবহনের মাধ্যমে পাঠান নুর মোহাম্মদের ছেলে আরাফাত হোসেন—এ কথা জানিয়ে লে. কর্নেল কামরুল হাসান জানান, মিরপুর ১০ নম্বরে গতকাল সন্ধ্যা সাতটায় নুরকে নিয়েই এসএ পরিবহনের কার্যালয় থেকে টাকা ওঠাতে আসে অপহরণকারীরা। এ সময় নুর চিত্কার করলে স্থানীয় লোকজন ও র‌্যাবের সদস্যরা তাঁকে উদ্ধার করেন। অপহরণকারীরা পালিয়ে যায়। পরে রাত ১১টার দিকে নুরকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের ১৩৭ পিসি কালচার রোড়ের একটি বাড়ির পাঁচতলায় অভিযান চালায় র‌্যাব। এ সময় চারজনকে আটক করা হয়।

নুর মোহাম্মদ জানান, মুক্তিপণের টাকা না দেওয়া হলে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা। শাহআলী থানায় মামলা করা হবে জানিয়ে প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘টাকা দেওয়ার আশ্বাস দিলেও অপহরণকারীরা আমাকে অনবরত পেটায়। কোনো কিছু খেতেও দেয়নি তারা।’