যশোরের আ.লীগ ত্রিধাবিভক্ত সুযোগ নিচ্ছে প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে জামায়াত-শিবিরের সঙ্গে সম্প্রতি পুলিশের কয়েকটি সহিংস ঘটনায় পুলিশের সদস্যসহ দুজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনার পরই এলাকায় তাণ্ডব চালিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।হরতাল-অবরোধে সড়কের পাশের সরকারি গাছ কেটে রাস্তায় ফেলে রেখে জনদুর্ভোগ বাড়ানো হচ্ছে। রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলার জন্য ক্ষমতাসীন রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের যশোর জেলা কমিটির স্থানীয় তেমন কোনো উদ্যোগ নেই। এ কারণে দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জামায়াত-শিবিরের হামলার ভয়ে ইউনিয়ন পর্যায়ের অনেক নেতা পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে। জানা যায়, হত্যা মামলার আসামি ধরতে শুক্রবার পুলিশের একটি দল মনিরামপুরের জয়পুর গ্রামে অভিযান চালাতে যায়। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের উসকানিতে গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে মনিরামপুরের ঠাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হবিবর রহমান ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হন। এ সময় কিছু বুঝে ওঠার আগেই মসজিদের সামনে তাঁকে ব্যাপক মারধর করা হয়। কিছুক্ষণ পর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা তাঁর বাড়িতে গিয়ে তিনটি ঘর ভাঙচুর করে আসবাবে আগুন ধরিয়ে দেন।এর আগে ৩১ জানুয়ারি মনিরামপুরে হরতালের মিছিলে বাধা দিলে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশের এক সদস্য নিহত হন। আহত হন অন্তত ৫০ জন। সম্প্রতি ১৮ দলের ডাকা হরতাল-অবরোধে মনিরামপুর ও কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকার সড়কের পাশের সরকারি গাছ কেটে রাস্তার ওপর ফেলে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে।সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ বলেন, দেড় মাস ধরে জামায়াত-শিবিরের যে অরাজকতা চলছে, তা মোকাবিলার জন্য জেলা আওয়ামী লীগের কোনো প্রস্তুতি নেই। বর্ধিত সভা করে একটি বিশেষ দল গঠন করে তৃণমূলের নেতা-কর্মীদের কাছে গিয়ে দিকনির্দেশনা দেওয়া যেত। এতে তৃণমূলের নেতা-কর্মীরা যেমন সাহস পেতেন, তেমনি রাজনৈতিক প্রতিপক্ষও এতটা উগ্র আচরণ করতে পারত না। চলমান পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক কোনো প্রস্তুতি আছে কি না, জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা বলেন, জেলার আট উপজেলার ছয়টি সংসদীয় আসনের সবগুলোতেই রয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত সাংসদ। সাংসদেরা নাখোশ হতে পারেন, এই ভেবে কোনো উপজেলায় দলীয় রাজনীতিতে হস্তক্ষেপ করা হয় না। পরিস্থিতি মোকাবিলায় দলের তেমন কোনো প্রস্তুতি নেই বলেও তিনি স্বীকার করেন।মেয়াদোত্তীর্ণ কমিটি: দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের জেলা কমিটির মেয়াদ শেষ হয়েছে সাত বছর আগে। ২০০৪ সালের ২১ জানুয়ারি আলী রেজাকে সভাপতি ও শাহিন চাকলাদারকে সাধারণ সম্পাদক করে তিন বছর মেয়াদি ৫৪ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। কমিটির গুরুত্বপূর্ণ পদের চারজন ইতিমধ্যে মারা গেছেন। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় নিষ্ক্রিয় রয়েছেন অনেক নেতা। দলে তিনটি পক্ষ রয়েছে।সদর আসনের সাংসদ খালেদুর রহমান টিটো, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন চাকলাদার ও সভাপতি আলী রেজা—এই তিনজন তিন পক্ষের নেতৃত্ব দিচ্ছেন। এই বিভক্তির সুযোগ নিচ্ছে জামায়াত-শিবিরসহ ১৮ দলীয় জোট। তবে আলী রেজা দাবি করেন, দলে ব্যক্তিগত মতবিরোধ থাকলেও দলীয়ভাবে কোনো বিভক্তি নেই।