পুলিশ সুপার ও ইউএনওকে ব্যাখ্যা দিতে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যশোরের চৌগাছা উপজেলায় এক যুবককে দুই বছরের কারাদণ্ড দেওয়ার ঘটনায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করে আদালতে প্রতিবেদন দাখিল করতে যশোরের পুলিশ সুপার ও চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২৭ নভেম্বরের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন। রুলে ভ্রাম্যমাণ আদালত আইনের ব্যত্যয় ঘটানোয় চৌগাছার ইউএনও এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।

গতকাল সোমবার ‘দুই বছরের কারাদণ্ড’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। এটি বিবেচনায় নিয়ে আদালত এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। প্রথম আলোকে তিনি বলেন, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, পুলিশের মহাপরিদর্শক, যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, চৌগাছার ইউএনও ও ওসিকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।

প্রথম আলোতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, যশোরের চৌগাছা উপজেলায় মাদক সেবনের দায়ে মাহাবুর রহমান ওরফে টিটো (২৩) নামের এক যুবককে দুই বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। চৌগাছার ইউএনও নার্গিস পারভিন এ সাজা দেন। মাহাবুরকে পরে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তিনি উপজেলার জিয়ালগাড়ি গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দুপুরে নেশাগ্রস্ত অবস্থায় মাহাবুর চৌগাছা থানার সামনে মাতলামি করছিলেন। এ সময় পুলিশ তাঁকে গাঁজাসহ আটক করে। বিকেলে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।