যশোরের ঐতিহ্যের স্মারক খেজুরের পাটালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যশোরের যশ খেজুরের রস’—কথাটা কোথা থেকে, কীভাবে এল, তার সঠিক ইতিহাস জানা যায়নি। তবে যশোরের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক যে খেজুরের রস ও গুড়-পাটালি, তা নিয়ে কারও দ্বিমত নেই।সম্প্রতি এক সকালে যশোর সদর উপজেলার গহেরপুর গ্রামে গিয়ে দেখা গেছে, অধিকাংশ বাড়ির আঙিনায় কোথাও সারি দিয়ে আবার কোথাও এলোমেলোভাবে পড়ে আছে রস-গুড়ের ঠিলা (ভাঁড়)। কোনো কোনো বাড়িতে রস জ্বালিয়ে তৈরি করা হচ্ছে গুড়-পাটালি। নলেন গুড়ের ম-ম গন্ধে যেন অর্ধেক ভোজন হয়ে যায়।এ গ্রামের পঞ্চাশোর্ধ্ব রিয়াজ উদ্দীন বাড়ির উঠানে বসে রসের চুলায় খড় দিয়ে জ্বাল দিতে দিতে বলেন, ‘আমাদের দুই ভাইয়ের দুই বিঘা জমিতে ৯০টির মতো খেজুরগাছ অবশিষ্ট আছে। একসময় এ সংখ্যা ছিল শ পাঁচেকের মতো। আমরা নিজেরা গাছ কেটে রস বের করে নিজেরাই পাটালি বানিয়ে পাইকারি বিক্রি করি।’ তিনি জানান, ৮ থেকে ১০ কেজির এক ঠিলা রসে কেজি দুয়েক পাটালি হয়। ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে এ পাটালি খাজুরা বাজারেই বিক্রি হয়।বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের কুঠুরাকান্দি গ্রামের গাছি আবুল কালাম জানান, এনায়েতপুর, তেজরোলসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের অনেক মানুষ বাজার থেকে লাল ও মুছি পাটালি কিনে অধিক লাভের জন্য চিনি মিশিয়ে নতুন করে পাটালি তৈরি করে বাজারে বিক্রি করে। তাদের অনেকে ঝোলা গুড়ের সঙ্গে চিনি মিশিয়ে নারকেল ও বাদাম দিয়ে নতুন করে জ্বালিয়ে পাটালি তৈরি করে অধিক দামে বাজারে বিক্রি করে।এনায়েতপুরের পাটালি ব্যবসায়ী সাখাওয়াত হোসেন বলেন, অধিক লাভের জন্য নয়, বরং পাটালি শক্ত করার উদ্দেশ্যেই স্বল্প মাত্রায় চিনি মেশানো হয়।বন বিভাগ সূত্রে জানা গেছে, খেজুরের রস-গুড়ের ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে ২০০৫ সালে ‘বৃহত্তর যশোর জেলার জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক পরিবেশ উন্নয়ন প্রকল্প’ নামে সাত কোটি তিন লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়। ২০১২ সালের জুনে ওই প্রকল্পের কাজ শেষ হয়েছে।এ ব্যাপারে যশোর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুর রশিদ প্রথম আলোকে বলেন, ওই প্রকল্পের আওতায় যশোর, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল ও সাতক্ষীরা জেলায় ১৪ লাখ খেজুরগাছের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে উন্নত জাতের সৌদি খেজুরগাছের চারাও রয়েছে। পাঁচ থেকে সাত বছর পর এসব গাছ থেকে রস বা খেজুর পাওয়া যাবে বলে তিনি দাবি করেন।