যশোরের ওসির শাস্তি দাবি
যশোরের মনিরামপুর থানার প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেনকে বিতর্কিত ও নিন্দনীয় মন্তব্যের কারণে চূড়ান্তভাবে চাকরিচ্যুত করে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে কয়েকটি সংগঠন।
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে ওই দাবি জানানো হয়।
মনিরামপুরের ঋষিপল্লি নিয়ে ২৬ জানুয়ারি প্রথম আলোর শেষ পাতায় ‘ঋষিপল্লিতে হামলা পরিকল্পিত, ধর্ষণের কথা স্বীকার’ শীর্ষক প্রতিবেদনে ওই ওসির মন্তব্য প্রকাশিত হয়। পরে বিতর্কিত ওই মন্তব্যের জের ধরে তাঁকে মনিরামপুর থানা থেকে প্রত্যাহার করে যশোর পুলিশ লাইনে পদায়ন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মনিরামপুর থানার প্রত্যাহার হওয়া ওসি যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত হতাশাব্যঞ্জক ও লজ্জাজনক। ওই ঘৃণ্য মন্তব্যে ঋষি (দলিত) জনগোষ্ঠীর মানুষদের চরম হেয়প্রতিপন্ন করা হয়েছে। মানবাধিকারকে গলা টিপে হত্যা করা হয়েছে। ওসি রেজাউলের এ ধরনের মন্তব্যে শুধু সম্ভ্রমহারা নারীদের অবমাননা করা হয়নি, গোটা নারীসমাজ ও দেশের মর্যাদার ওপর হামলা করা হয়েছে।
মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ দলিত পরিষদ। এতে যোগ দেয় শিব শক্তি মিশন, বাংলাদেশ দলিত ঋষি পঞ্চায়েত ফোরাম। মানববন্ধনে ঢাকার লালবাগ, নারিন্দা, জুরাইনসহ বিভিন্ন এলাকা থেকে হিন্দু সম্প্রদায়ের শতাধিক মানুষ অংশ নেন। এ ছাড়া যশোর থেকেও কয়েকজন মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধনে বাংলাদেশ দলিত পরিষদ ঢাকা বিভাগের সভাপতি রাজকুমার দাসের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অশোক দাস, উপদেষ্টা মিলন দাস, উজ্জ্বল দাস প্রমুখ।
যশোরের মনিরামপুর উপজেলার হাজরাইল গ্রামে ঋষিপল্লিতে গণধর্ষণের ঘটনায় ধর্ষণের ঘটনায় ১০ জানুয়ারি মনিরামপুর থানায় মামলা হয়। এতে মফিজ, সাহাবুদ্দিনসহ মোট পাঁচজন গ্রেপ্তার হয়েছেন। গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মফিজ গাজী ও সাহাবুদ্দিন শিহাবের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর পরও মনিরামপুর থানার ওসি মীর রেজাউল হোসেন ঋষিপল্লিতে আদৌ কোনো ধর্ষণের ঘটনা ঘটেছে কি না, এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। ওসি প্রথম আলোকে বলেন, ‘ওরা সবকিছু বাড়াইয়া বলে, ঋষি সম্প্রদায় যেখানে যে ঘটনা ঘটে, সেটাকেই তিল থেকে তাল করে বলে।’ তিনি আরও বলেন, ‘একটি রাজনৈতিক অঙ্গন থেকে ওদের বলা হয়েছে এ জিনিসটা হইলে এখানে প্রচুর টাকা আসবে, টিনের ঘর আসবে, অমুক-তমুক পাবে।’
কেউ নিজের সম্ভ্রমহানির কথা প্রচার করে ত্রাণ চাইতে পারে কি না, জানতে চাওয়া হলে ওসি বলেন, ‘ওদের কাছে এইটা কোনো বিষয় না। ওদের কাছে এইগুলি হরহামেশা চলতে থাকে। ওই পাড়ায় শুধু না, ঋষি সম্প্রদায়ের যেখানে যারা আছে, ওরা এই জিনিসটাকে খুব হাইলি দেখে না। আপসে অনেক কিছুই তাদের হয়।’