যশোরের তিনটি আসনে আ.লীগ বনাম আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ছয়টি আসনের মধ্যে দুটিতে আওয়ামী লীগের দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অপর চারটির তিনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মূলত আওয়ামী লীগেরই লড়াই হবে। প্রার্থীরা কমবেশি নির্বাচনী প্রচার শুরু করেছেন।
ইতিমধ্যে আচরণবিধি লঙ্ঘনের একটি অভিযোগপত্র জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে জমা পড়েছে। তবে ভোটের মাত্র ১৪ দিন বাকি থাকলেও সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না।
যশোর-৩ (সদর) আসনে কাজী নাবিল আহমেদ ও যশোর-১ (শার্শা) আসনে শেখ আফিল উদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। বাকি চারটি আসনের মধ্যে তিনটিতে আওয়ামী লীগ প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী। এর মধ্যে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর ও সদর আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সাংসদ রণজিৎ কুমার রায়ের প্রতিন্দ্বন্দ্বী হলেন দলের অভয়নগর উপজেলা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আবদুল ওহাব, যশোর-৫ (মনিরামপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাংসদ খান টিপু সুলতানের প্রতিদ্বন্দ্বী দলের জেলা কমিটির কোষাধ্যক্ষ স্বপন ভট্টাচার্য এবং যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে আওয়ামী লীগের প্রার্থী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলামের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সরকারের সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী রফিকুল ইসলাম। এ ছাড়া যশোর-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইসমত আরা সাদেকের একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনএফের প্রার্থী প্রশান্ত বিশ্বাস।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, যশোর-৬ আসন বাদে অন্য তিনটি আসনের স্বতন্ত্র প্রার্থীরা কলস প্রতীক নিয়ে কমবেশি গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করেছেন। আওয়ামী লীগের প্রার্থীরাও বসে নেই। তবে চোখে পড়ার মতো প্রচারণা এখনো শুরু হয়নি। নির্বাচনী পোস্টার, মিছিল-সমাবেশ, মাইকে প্রচার বা নির্বাচনী কার্যালয় খুলে চা-পান করানোর মতো দৃশ্য এখনো চোখে পড়েনি।
মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার একজন ভ্যানচালক বলেন, ‘ভোট দিলিও কী আর না দিলিও কী। এক দলেরই তো দুইজন। ভোট না দিলিও তারা পাস করে যাবে।’
অভয়নগরের একজন স্কুলশিক্ষক বলেন, ‘এ তো আওয়ামী লীগ-আওয়ামী লীগ খেলা ছাড়া আর কিছুই না। এই সহিংসতার মধ্যে ভোট দিতে গিয়ে জীবন ঝুঁকিতে ফেলার তো কোনো মানে নেই।’
যশোর-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী মনিরুল ইসলাম সম্প্রতি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁর প্রতিদ্বিন্দ্বী রফিকুল ইসলামের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন।
মনিরুল ইসলাম বলেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মনিরুল ইসলাম তাঁর কার্যালয়ে একটি দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে মুঠোফোনের মাধ্যমে রফিকুল ইসলাম সবাইকে নির্বাচনী শুভেচ্ছা জানিয়ে গণসংযোগ করেছেন, যা আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়ে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগটি তদন্তের জন্য ইলেকট্রনিক্যাল ইনকোয়ারি কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।