যশোরের নওয়াপাড়া জুট মিলে আগুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় অবস্থিত নওয়াপাড়া জুট মিলের একটি গুদামে আগুন লেগেছে। আজ বুধবার সন্ধ্যায় এ আগুন লাগে। এতে গুদামে রাখা পাটের বেশির ভাগ পুড়ে গেছে বলে জানা গেছে। দমকল বাহিনীর কর্মীদের চেষ্টার ফলে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।
নওয়াপাড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ছয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। ক্রমান্বয়ে তা গুদামের সব জায়গায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের যশোর, খুলনা, মনিরামপুর ও নওয়াপাড়া স্টেশনের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এক ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস যশোর স্টেশনের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ বলেন, ‘যশোর, খুলনা, মনিরামপুর ও নওয়াপাড়া ফায়ার ব্রিগেডের সাতটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সারা রাত লেগে যাবে।’ তিনি বলেন, ‘গুদামটিতে পাট ভর্তি ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে বলা সম্ভব নয়।’
নওয়াপাড়া জুট মিলের প্রকল্প প্রধান বায়েজিদ হোসেন বলেন, ‘মিলের ৯ নম্বর গুদামে পাট ভর্তি ছিল। সেখানেই আগুন লেগেছে। কীভাবে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এই মুহূর্তে বলতে পারছি না।’