যশোরের নকল সার ব্র্যান্ডের বস্তায় যাচ্ছে সারা দেশে
যশোর সদর উপজেলার কৃষ্ণবাটী গ্রামের মেসার্স মুক্তেশ্বরী ফার্টিলাইজার নামের একটি নকল সার কারখানায় অভিযান চালিয়ে গত রোববার ৩১০ বস্তা নকল টিএসপি, সাত মেট্রিক টন দস্তা সার ও সার তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ সময় কারখানার ১০ জন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। এই কারখানায় বিভিন্ন ধরনের নকল সার তৈরি করে বিভিন্ন কোম্পানির বস্তায় ভরে দেশের অনেক জায়গায় বিক্রি করা হয় বলে এলাকাবাসী বলেছেন।উপজেলা কৃষি কর্মকর্তা জি এম আবদুর রউফ বাদী হয়ে সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর অধীনে একটি মামলা করেছেন। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক বিপ্লব কুমার সাহা। অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নূরুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার বণিক। অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ ও যশোর কোতোয়ালি থানার পুলিশের দুটি দল সহযোগিতা করেছে বলে জানা গেছে। তবে সার কারখানার স্বত্বাধিকারী গৌসুল আযমকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। অভিযানের খবর পেয়ে তিনি পালিয়ে যান।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চক্রটি ওই কারখানায় টিএসপি, দস্তা ও পটাশসহ বিভিন্ন ধরনের নকল সার উৎপাদন করে বিভিন্ন ব্র্যান্ডের সার কোম্পানির বস্তায় করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। টিএসপি সার তৈরির জন্য ভারত থেকে চোরাই পথে আনা হতো ডলোমাইট পাউডার। এ পাউডারের সঙ্গে সিমেন্ট ও মাটি মিশিয়ে নকল টিএসপি, লবণের সঙ্গে রং মিশিয়ে পটাশ ও ছাই দিয়ে দস্তা সার বানানো হতো।গোপন তথ্যের ভিত্তিতে ওই ভেজাল সার কারখানায় অভিযান চালিয়ে ৭০ বস্তা ডলোমাইট পাউডার, ২২ বস্তা সিমেন্ট, ৪০ লিটার এসিড এবং ৩১০ বস্তা নকল টিএসপি সার জব্দ করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।পাশের মণ্ডলগাতী গ্রামের ওই কারখানার প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে কমপক্ষে সাত টন দস্তা সার জব্দ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক বিপ্লব কুমার সাহা প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে কারখানাটি ভেজাল সার উৎপাদনের কারবার করে আসছে। এসব সার ব্যবহার করে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নষ্ট হচ্ছে আবাদি জমির মাটি।জেলা প্রশাসক নূরুল আমীন প্রথম আলোকে বলেন, মাটি, সিমেন্ট ও এক ধরনের পাউডার দিয়ে নকল সার উৎপাদনের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর কয়েকজন জানান, একটি জিপগাড়িতে করে পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা মাঝেমধ্যে ওই কারখানায় আসতেন। এ প্রসঙ্গে জেলা প্রশাসক এবং উপপরিচালক জানান, যারা এই কারবারের সঙ্গে জড়িত, তদন্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।গোবিন্দগঞ্জে নকল এমওপি সার জব্দগাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের গোহাটিপাড়ার একটি নকল সার তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১৬৭ বস্তা এমওপি (মিউরেট অব পটাশ) সার ও সার তৈরির বিভিন্ন সামগ্রী জব্দ করেছে পুলিশ। গত রোববার ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল ওয়াহেদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এই সার উদ্ধার করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের গোহাটিপাড়ার আরিফুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর বাড়িতে নকল সার তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ভেজাল ১৫৬ বস্তা নকল এমওপি (পটাশ) সার, ১১ বস্তা ভারতীয় এমওপি সার, দুই বস্তা লবণ, ৭০টি খালি বস্তা, ইটের গুঁড়ো, বস্তা সেলাইয়ের মেশিন ও দাড়িপাল্লা উদ্ধার করা হয়। এ সময় কারখানার মালিকসহ কর্মচারীরা পালিয়ে যান।