যশোরের নিম্নাঞ্চলে স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবদহ অঞ্চলে জোয়ারাধার (টিআরএম) প্রকল্প বাস্তবায়িত না হলে যশোর সদর উপজেলার বিল হরিণাসহ এ অঞ্চলের চার-পাঁচটি উপজেলার নিম্নাঞ্চল স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়বে। এতে অন্তত এক লাখ ১০ হাজার হেক্টর জমিতে ধান উৎপাদিত হবে না। গতকাল সোমবার দুপুরে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলনে এ আশঙ্কা করা হয়। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির যশোর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জোয়ারাধার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে ক্ষতিপূরণের টাকা শিগগিরই সরাসরি কৃষক ও জমির মালিকদের হাতে পৌঁছে দেওয়া, প্রকল্পের বিরোধিতার অভিযোগে মনিরামপুর ও অভয়নগর থানায় অজ্ঞাতনামা পাঁচ হাজার মানুষের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুর্নীতির অভিযোগের তদন্তের দাবি উল্লেখযোগ্য।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবির। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালি, কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক অনিল বিশ্বাস প্রমুখ। প্রকল্প বাস্তবায়নের আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে সংবাদ সম্মেলন থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে, আগামীকাল বুধবার অভয়নগর উপজেলার শরখোলা, বৃহস্পতিবার মনিরামপুর উপজেলার হাজিরহাট ও শুক্রবার মশিয়াহাটি বাজারে গণজমায়েত এবং সোমবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান। ইকবাল কবির বলেন, টিআরএম-ছাড়া ভবদহ অঞ্চলের মানুষের বেঁচে থাকার কোনো বিকল্প নেই। গত শনিবার জাতীয় সংসদের হুইপ সাংসদ শেখ আবদুল ওহাব ভবদহ অঞ্চলের বিল কপালিয়ায় জোয়ারাধার প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে জনরোষের মুখে পড়েন। এ সময় পাউবোর তিনটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। হামলায় গুরুতর আহত হন উপজেলা পরিষদের চেয়ারম্যান।