যশোরের পথে গণজাগরণ মঞ্চের রোডমার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের দ্রুত বিচার আইনে শাস্তি নিশ্চিতের দাবিতে যশোরের মালোপাড়া অভিমুখে শুরু হয়েছে গণজাগরণ মঞ্চের রোডমার্চ। গতকাল শুক্রবার সকাল ১০টায় শাহবাগের প্রজন্ম চত্বর থেকে তারা যাত্রা শুরু করে। রাত নয়টার দিকে রোডমার্চটি মাগুরা শহরে পৌঁছায়। রাতেই রোডমার্চের যশোর পৌঁছার কথা।
৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দুধর্মাবলম্বী সংখ্যালঘুদের ওপর হামলা ও লুটপাট চালানোর পর মঙ্গলবার প্রথম রোডমার্চ কর্মসূচির ঘোষণা দেয় গণজাগরণ মঞ্চ।
‘সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ রোডমার্চে’ অংশ নিতে সকাল থেকেই মঞ্চের নেতা-কর্মী ও প্রগতিশীল বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা শাহবাগে জড়ো হতে থাকেন। আটটি বাস, দুটি পিকআপ এবং তিনটি মাইক্রোযোগে চার শতাধিক নেতা-কর্মী রোডমার্চে অংশ নেন।
যাত্রা শুরুর আগে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দীর্ঘমেয়াদি আন্দোলনের অংশ হিসেবে এই রোডমার্চ। দেশের অন্য যেসব স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে, সেসব জায়গায় কীভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সংগঠিত করা যায়, রোডমার্চ থেকে ফিরে সে বিষয়ে গণজাগরণ মঞ্চ কাজ করবে বলেও জানান তিনি।
মঞ্চের অন্যতম সংগঠক মাহামুদুল হক মুন্সী জানান, যশোরের মালোপাড়ায় হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিতরণের জন্য তাঁরা কিছু শীতবস্ত্র ও অর্থ নিয়ে যাচ্ছেন।
যশোরের পথে এই রোডমার্চে চারটি স্থানে পথসভা এবং দুটি স্থানে জনসমাবেশ করবে গণজাগরণ মঞ্চ। যশোর পৌঁছে শেষ হবে রোডমার্চের প্রথম দিন। সেখানেই রাত কাটাবেন মঞ্চের কর্মীরা। শনিবার সকাল আটটায় তাঁরা যাত্রা করবেন অভয়নগর উপজেলার সাম্প্রদায়িক সন্ত্রাসকবলিত মালোপাড়ার উদ্দেশে।
সেখানে পৌঁছে সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত মালোপাড়া এলাকার আক্রান্ত এলাকা পরিদর্শন, আক্রান্ত মানুষদের সঙ্গে মতবিনিময়, সাম্প্রদায়িক সন্ত্রাস রোধে ধম-বর্ণনির্বিশেষে স্থানীয় জনসাধারণকে উদ্বুদ্ধকরণ এবং দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে। সবশেষে ফেরার পথে যশোর চিত্রামোড়ে আরেকটি সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ।
রোডমার্চে সংহতি জানিয়ে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারেক, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, সাধারণ সম্পাদক তানভীর রুসমত, জাসদ ছাত্রলীগের সভাপতি মো. শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সহসভাপতি রাহাত আহমেদ ও এসব সংগঠনের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: দুপুর সোয়া ১২টায় রোডমার্চটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পৌঁছায়। এ সময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা তাঁদের স্বাগত জানান। এখানে পথসভায় ইমরান সরকার বলেন, ‘৪৩ বছর ধরে জামায়াত-শিবির এ দেশের হিন্দু ও অন্য ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন চালিয়ে আসছে। আর আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এসব সাম্প্রদায়িক নির্যাতনকে রাজনৈতিক ইস্যু হিসেবে কাজে লাগিয়েছে। সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে আমাদের এখনই আন্দোলন গড়ে তুলতে হবে।’
মানিকগঞ্জ: রোর্ডমার্চ মানিকগঞ্জে পৌঁছায় বেলা দুইটার দিকে। এরপর ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযুদ্ধের সঞ্চৃতিফলকের পাদদেশে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান সরকার বক্তব্য দেন। এ সময় স্লোগান-কন্যা লাকী আক্তার, গণজাগরণ মঞ্চের মানিকগঞ্জ জেলার সমন্বয়ক মোস্তাফিজুর রহমানসহ গণজাগরণ মঞ্চের সংগঠক ও কর্মীরা উপস্থিত ছিলেন। বেলা আড়াইটায় পথসভা শেষে পাটুরিয়া ঘাট হয়ে যশোরের উদ্দেশে যাত্রা করে রোডমার্চ ।
গোয়ালন্দ: যমুনা-পদ্মা নদী পাড়ি দিয়ে দৌলতদিয়া ঘাট হয়ে বিকেল চারটার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডে পৌঁছায় রোডমার্চ। এখানে স্থানীয় গণজাগরণ মঞ্চের কর্মীদের স্বাগত জানান।
ফরিদপুর: সন্ধ্যায় ফরিদপুর শহরে পৌঁছায় রোডমার্চ। এখানে জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত পথসভায় ইমরান সরকার বলেন, শুধু মানববন্ধন করে সাম্প্রদায়িক শক্তিকে বিনষ্ট করা যাবে না। এর জন্য দুর্বার গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাপ্পাদিত্য বসু, শ্রমমন্ত্রীর ভাই খন্দকার মোহতেশাম হোসেন, মুক্তিযোদ্ধা নূর মোহামঞ্চদ, মাদারীপুরের গণজাগরণ মঞ্চের আহ্বায়ক রেজাউল আমিন, নারীনেত্রী খাদিজা বেগম প্রমুখ। রোডমার্চটি পরে রাত নয়টায় মাগুরায় পৌঁছায়। সেখানে পথসভা শেষে যশোরের উদ্দেশে যাত্রা করে।
[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ফরিদপুর অফিস এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মানিকগঞ্জ, গোয়ালন্দ (রাজবাড়ী) ও মাগুরা প্রতিনিধি]