যশোরের ব্যবসায়ীর লাশ রাজশাহী থেকে উদ্ধার
রাজশাহীতে পদ্মা নদী থেকে যশোরের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে খেয়াঘাটের এক মাঝি প্রথমে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।নিহত ব্যক্তির নাম তৌফিকুল ইসলাম (৩৭)। তাঁর বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার গুলগফফর গ্রামে। খেয়াঘাটের মাঝি মিজানুর রহমান জানান, তিনিই প্রথম লাশটি দেখতে পান। লাশের মাথা ও মুখের এক পাশে ধারালো অস্ত্রের জখম থাকায় তাঁকে শনাক্ত করার উপায় ছিল না। পরে স্থানীয় লোকজন জড়ো হলে তৌফিকুলের পকেট তল্লাশি করে একটি মানিব্যাগ পাওয়া যায়, যার ভেতরে তাঁর জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। তৌফিকুলের ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়েল শিক্ষক শরীফুল ইসলাম জানান, তাঁর বাসা থেকে ২০ অক্টোবর তৌফিক তাঁর কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসার কথা বলে বেরিয়ে আসেন। তার পর থেকেই তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে তাঁর ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে শরীফুল ইসলাম মামলা করেছেন।