যশোরের সন্ত্রাসী ফিঙে লিটন ভারতে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর পুলিশের তালিকাভুক্ত শীর্ষস্থানীয় সন্ত্রাসী, ফিঙে লিটন বাহিনীর প্রধান আনিছুর রহমান ওরফে লিটন ওরফে ফিঙে লিটন ভারতে গ্রেপ্তার হয়েছেন। ভারতের বনগাঁ থানার পুলিশ গতকাল বুধবার ভোরে তাঁকে গ্রেপ্তার করে।ফিঙে লিটন যশোর শহরের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। তাঁকে গ্রেপ্তারের খবরে শহরের মোল্লাপাড়া-বারান্দিপাড়া এলাকার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করে। আনন্দে অনেকে মিষ্টি বিতরণ করে বলেও জানা গেছে।পুলিশের ভাষ্যমতে, যশোর অঞ্চলের শীর্ষস্থানীয় সন্ত্রাসী র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হাসান-মিজান বাহিনীর হয়ে বিভিন্ন অপরাধমূলক কাজ করতেন ফিঙে লিটন। পরে তিনি নিজেই একটি বাহিনী গড়ে তোলেন। এই বাহিনীর মাধ্যমে তিনি এ অঞ্চলের অস্ত্র ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। হত্যার হুমকি দিয়ে যশোরের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করত ফিঙে লিটনের বাহিনীর সদস্যরা। ২০০৭ সালের শুরুতে দেশে জরুরি অবস্থা জারির পর তিনি ভারতে আত্মগোপন করেন।সূত্র আরও জানায়, ভারতে বাংলাদেশের অপর সন্ত্রাসী সুবাস বিশ্বাস হত্যা মামলায় বনগাঁ থানার পুলিশ ফিঙে লিটনকে গ্রেপ্তার করেছে।যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বেগ প্রথম আলোকে জানান, ফিঙে লিটনের নামে পাঁচটি হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে।