যশোরের সাড়ে নয় হাজার কৃষককে আউশ প্রণোদনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে এ বছর প্রায় ৯ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে আউশ প্রণোদনা দেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় তাঁদের বিনা মূল্যে বীজ, রাসায়নিক সার ও নগদ অর্থসহ বিভিন্ন উপকরণ সহায়তা দেওয়া হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, যশোরে গত ৯ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত কৃষকদের মাঝে প্রণোদনার উপকরণ বিতরণ করা হয়। জেলার ৯ হাজার ৪২৯ জন কৃষক এবার প্রণোদনা পেয়েছেন। এর মধ্যে উফশী জাতের (উচ্চ ফলনশীল) আউশ ধান চাষের জন্য ৭ হাজার ৫০০ জন, নেরিকা জাতের আউশ ধান চাষের জন্য ১ হাজার ৭০০ জন, কুমড়াজাতীয় ফসলের মাছি পোকা দমনের জন্য ২২০ জন এবং উন্নত ও প্রতিকূল আবহাওয়া–সহিষ্ণু পাটের আবাদ বৃদ্ধির জন্য নয়জন কৃষককে প্রণোদনা দেওয়া হয়। জেলায় মোট ১ কোটি ৪০ লাখ ৫৫ হাজার ৮৪ টাকা, ৩৭ টন আউশ জাতের ধানবীজ, ১৭ টন নেরিকা জাতের ধানবীজ, ৭ কেজি পাটবীজ, ৩ হাজার ৯৬০টি সেক্স ফেরোমন ফাঁদ এবং ৭ হাজার ৯২০টি লিউর দেওয়া হয়েছে। এ ছাড়া কৃষকদের ১৮৪ দশমিক ২৫ মেট্রিক টন ইউরিয়া, ৯২ মেট্রিক টন ডিএপি, ৯২ দশমিক শূন্য ৯ মেট্রিক টন এমওপি, ৭২ কেজি টিএসপি এবং ১৩৫ কেজি জিপসাম সার দেওয়া হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোরের উপপরিচালক কাজী হাবিবুর রহমান বলেন, এই প্রণোদনার ফলে এবার জেলায় আউশের আবাদ বাড়বে বলে আশা করছেন তিনি।