যশোরের সুমন হলেন শাহ্ সিমেন্ট নির্মাণের তারকা
শাহ্ সিমেন্ট নির্মাণের তারকা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন যশোরের মোহাম্মদ সুমন। পুরস্কার হিসেবে শাহ্ সিমেন্টের পক্ষ থেকে তিনি পেয়েছেন একটি ব্র্যান্ডনিউ গাড়ি। গতকাল শুক্রবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হয় নির্মাণশ্রমিকদের প্রতিভা অন্বেষণের এই প্রতিযোগিতার জমকালো চূড়ান্ত পর্ব। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন টাঙ্গাইলের বনস্পতি মজুমদার। তিনি পেয়েছেন তিন লাখ টাকা ও একটি মোটরসাইকেল। দ্বিতীয় রানারআপ সুনামগঞ্জের শাহানা আক্তার পেয়েছেন দুই লাখ টাকা ও একটি মোটরসাইকেল। প্রতিযোগিতার অন্য তিনজন মোশাররফ হোসেন, মোহাম্মদ ইশতিয়াক ও মহিদুল ইসলাম পেয়েছেন একটি করে মোটরসাইকেল। ৭০ বছর বয়সী বিশেষ প্রতিযোগী শফিকুল ইসলামকে বিশেষ পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল দেওয়া হয়। এ ছাড়া অপর নয়জন প্রতিযোগীকে দেওয়া হয় ২১ ইঞ্চি ফিলিপ্স রঙিন টেলিভিশন।চূড়ান্ত পর্বে বিচারক ছিলেন সংগীতশিল্পী ও সাংসদ মমতাজ বেগম, ফাতেমা-তুজ-জোহরা ও এস আই টুটুল। নির্মাণশ্রমিকদের বহুমুখী প্রতিভার নতুন দিগন্ত উন্মোচন এবং পেশাগত জীবনকে উদ্দীপনাময় করার উদ্দেশ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আবুল খায়ের গ্রুপের ডিরেক্টর ব্র্যান্ড মার্কেটিং নওশাদুল করিম চৌধুরী, ডিরেক্টর ব্র্যান্ড ডেভেলপমেন্ট কামরুল ইসলাম, নির্বাহী পরিচালক শহিদুল্লাহ চৌধুরী, মানবসম্পদ বিভাগের পরিচালক এম আবদুল্লাহ এবং এটিএন বাংলার প্রধান উপদেষ্টা সাইফুল বারী। চূড়ান্ত পর্বে গান পরিবেশন করেন বনস্পতি মজুমদার, মোশাররফ হোসেন, মোহাম্মদ ইশতিয়াক, মহিদুল ইসলাম, মোহাম্মদ সুমন ও শাহানা আক্তার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চিত্রনায়ক রিয়াজ ও তিনা। নির্মাণশ্রমিকদের প্রতিভা অন্বেষণে ২০০৯ সালের ১ মে এ প্রতিযোগিতা শুরু হয়।