যশোরের সেই ওসি ক্ষমা চাইলেন
যশোর কোতোয়ালি থানার আলোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল ভূঁইয়া সাংবাদিকের গলা চেপে ধরার ঘটনায় ক্ষমা চেয়েছেন। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় তিনি যশোর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের বৈঠকে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন। আবদুল জলিল এ সময় বলেন, ‘আমি ওই সাংবাদিককে চিনতে পারিনি। সম্পূর্ণ অসাবধানতা ও ভুলবশত ঘটনাটি ঘটে গেছে। ওই ঘটনার জন্য আমি আন্তরিক দুঃখিত।’ তিনি এ সময় প্রতিশ্রুতি দিয়ে বলেন, যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দুর্নীতি ও জনদুর্ভোগের বিষয়ে তিনি সতর্ক থাকবেন। পাসপোর্ট করতে গিয়ে মানুষ যাতে হয়রানি বা প্রতারণার শিকার না হয়, তার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার, তিনি তা নেবেন।গত বৃহস্পতিবার দুপুরে যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সামনে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি শিকদার খালিদের গলা চেপে ধরেন ওসি জলিল। এর আগে ওই পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম হাসান সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ ওঠে।এসব ঘটনার প্রতিবাদে যশোর প্রেসক্লাব মিলনায়তনে এক জরুরি বৈঠক করে কাল রোববারের মধ্যে সহকারী পরিচালক মাসুম হাসানকে অপসারণ এবং ওসি আবদুল জলিল ভূঁইয়াকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচির হুমকি দেওয়া হয়। যশোর প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে গতকালের বৈঠকে সিদ্ধান্ত হয়, সাংবাদিকদের ‘অকথ্য ভাষায় গালিগালাজ করার’ ঘটনায় সহকারী পরিচালক মাসুম হাসানকে রোববারের মধ্যে অপসারণ করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে। রোববার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, পাসপোর্ট কার্যালয়ের মহাপরিচালক ও যশোর জেলা প্রশাসক বরাবর এ বিষয়ে একটি স্মারকলিপি দেওয়া হবে। এ ছাড়া সাংবাদিক নির্যাতন ও গালিগালাজের ভিডিও ফুটেজও পাঠানো হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।সর্বশেষ: ওসি আবদুল জলিল ভূঁইয়াকে গতকাল সন্ধ্যায় প্রত্যাহার করে খুলনা রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।