
কোনো কিছু পরিবর্তন করতে হলে, পরিবর্তন করতে হবে নিজেকেই। নিজের সামান্য চেষ্টা বড় পরিবর্তন আনতে পারে। ১৬ কোটি মানুষের বাংলাদেশে ছয় কোটি তরুণের চেষ্টা বদলে দেবে বাংলাদেশকে। এই তরুণদের ওপর ভর করেই বাংলাদেশ পৃথিবীকে বিস্মিত করে দিতে পারে। ঢাকা ইয়েস সম্মেলন’-এর প্রথম দিনে এমন সব আশাজাগানিয়া কথায় তরুণদের উদ্দীপ্ত করলেন বিশিষ্টজনেরা। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হলো।এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট বা ইয়েস হলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) পরিচালিত তরুণ সমাজকে দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ ও সম্পৃক্তকরণের একটি কর্মসূচি। এই কর্মসূচিতে জড়িত ঢাকাসহ ৪৬টি জেলার ৪৩০ জন তরুণ দুই দিনব্যাপী সম্মেলনে অংশ নিচ্ছেন। সকালে উদ্বোধনী অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ২১ আগস্টের ঘটনাকে স্মরণ করে বলেন, নিরপরাধ মানুষকে হত্যা করা সবচেয়ে বড় দুর্নীতি। তিনি বলেন, ‘আমাদের যা কিছু আছে, তা নিয়েই এগিয়ে যেতে হবে। আমাদের যা আছে, তা অনেকের নেই।’উদ্বোধনী অধিবেশনে ‘তারুণ্য, নৈতিকতা ও নেতৃত্ব’ বিষয়ে মূল আলোচনা করেন দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম। তিনি বলেন, অনেকেই মেধাবী হতে পারেন, বিদেশে গিয়ে অনেক সফলতা অর্জন করতে পারেন, কিন্তু তাঁর মেধা বা সৃজনশীলতা যদি দেশের কাজে না লাগে, তাহলে জীবন অসম্পূর্ণ। বিন্দুমাত্র কোনো পরিবর্তনের অংশ হলে জীবনটা ধন্য হয়ে ওঠে।মাহ্ফুজ আনাম আরও বলেন, ‘আমাদের একটি প্রবণতা হলো শুধু “নেই” “নেই” করা। ইতিবাচক কিছু না দেখা।’ তরুণদের উদ্দেশে তাঁর পরামর্শ, নিজের দায়বদ্ধতার সংজ্ঞাটা বুঝতে হবে। বিশ্বকে বদলাতে হবে না। তুমি যদি নিজে না বদলাও, পৃথিবী বদলালেও কিছু হবে না।উদ্বোধনী অধিবেশন সঞ্চালনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।বিকেলে ‘সামাজিক আন্দোলন ও উদ্ভাবন’ বিষয়ে অধিবেশনে প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, বাংলাদেশের অনেক অর্জন আছে। এসব অর্জন নষ্ট করে দিচ্ছে দুর্নীতি। তবে তাঁর কথা, মানুষের স্বাভাবিক প্রবণতা আলোর দিকে যাওয়া। এ দেশের সৃষ্টিশীল মানুষ দেশে ইতিবাচক পরিবর্তন আনবেই।
‘গণমাধ্যম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং দুর্নীতিবিরোধী আন্দোলন’ দিনের শেষ এই অধিবেশনে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মুনীর হাসান তরুণদের উদ্দেশে বলেন, ‘আমাদের প্রযুক্তির ইতিবাচক ব্যবহার করতে হবে। সব ভালোকে দখল করতে হবে।’ বিকেলের অধিবেশন সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস।