যা এড়ানো সম্ভব, তা দুর্ঘটনা বলে মেনে নেওয়া যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি সড়ক দুর্ঘটনা ঘটলে অদৃষ্টবাদ বলে মেনে নেওয়ার প্রবণতা দেখা যায়। নিছক দুর্ঘটনা বা ভাগ্যের লিখন বলে সড়ক দুর্ঘটনাকে মেনে নেওয়ার সুযোগ আর নেই। যা এড়ানো সম্ভব, তা কোনোভাবেই দুর্ঘটনা বলে মেনে নেওয়া যায় না। সড়ক দুর্ঘটনার নামে অকালমৃত্যুর হাত থেকে ভবিষ্য ৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সামগ্রিক ক্ষেত্রে পরিবর্তনের সূচনা করতে হবে। যানবাহনের মালিক ও যাত্রীদের মধ্যে সচেতনতা, চালকদের প্রশিক্ষণ দিয়ে একটি ডেটাবেইস তৈরি করে প্রয়োজন নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে শক্তিশালী করা।সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ‘সড়ক দুর্ঘটনা রোধ: তথ্য-যোগাযোগ প্রযুক্তি এবং অন্যান্য প্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল সম্মেলনে বক্তারা এ মতামত ব্যক্ত করেন। সড়ক দুর্ঘটনা বিশ্ববিদ্যালয়ে ‘সিএসসি কার্নিভাল ২০১১’ উপলক্ষে সামাজিক সচেতনতা কর্মসূচির আওতায় গোলটেবিল সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সম্প্রচার সাংবাদিক মিশুক মুনীর নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক ও শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনার ওপর সরেজমিন গবেষণার সূত্র ধরে গোলটেবিল সম্মেলন হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে গতকাল বেলা দুইটা ৩০ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত গোলটেবিল সম্মেলন চলে। এতে বিশেষজ্ঞসহ শিক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, সড়ক ও জনপথ বিভাগ, চিকি ৎসক, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।শুরুতেই গোলটেবিল সম্মেলনের সঞ্চালক লেখক-শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, ‘প্রতিদিন খবরের কাগজ খুললেই সড়ক দুর্ঘটনার খবর। অথচ আমরা এ নিয়ে খুব একটা মাথা ঘামাই না। আপনজন কেউ মারা গেলে কয়েক দিন আলোচনার পর আবার স্বাভাবিক হয়ে যাই। কিন্তু এভাবে তো চলতে পারে না। সবাইকে একত্র করে প্রতিকারমূলক কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, এ জন্য এই সম্মেলন।’গোলটেবিল সম্মেলনের সঞ্চালক হিসেবে মুহম্মদ জাফর ইকবালের বক্তব্য উপস্থাপনের পর বিষয়ভিত্তিক আলোচনা হয়। পর্যায়ক্রমে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুশান্ত কুমার দাশ, স্কুল অব লাইফ সায়েন্সের ডিন ইয়াসমিন হক, পরিবেশ ও পুরকৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলম, প্রভাষক বশিরুল হক, মো. এমদাদুল হক, নিউইয়র্ক ইউনিভার্সিটির রিসার্চ ফেলো ওয়াসিম বারী, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের নোভা আহমেদ, এরশাদ মাহমুদ চৌধুরী, রুহুল আমীন, সিলেট মহানগর পুলিশের উপকমিশনার এম এ জলিল, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী (সিলেট-ঢাকা মহাসড়ক) রীতেশ বড়ুয়া, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক অধ্যাপক মীর মাহবুবুল আলম, মুঠোফোন কোম্পানি টেলিটকের পক্ষে মো. সামসুজ্জামান ও আবদুস সামাদ।গোলটেবিল সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে গণমাধ্যমের পক্ষে প্রথম আলোর জ্যেষ্ঠ সহকারী সম্পাদক এ কে এম জাকারিয়া ও সমকাল-এর সহযোগী সম্পাদক নাসির আহমেদ। বক্তব্যে এ কে এম জাকারিয়া বলেন, ‘গণমাধ্যম শুধু সচেতন করার কাজ করে। এ কাজ শুরু থেকে করছে। তবে আমরা আরও সচেতন করার কাজ করে যাব।’