যা কিছু ভালো তার সব এসেছে জিয়ার হাত ধরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দাবি করেছেন, ‘বাংলাদেশে যা কিছু ভালো, যা নিয়ে আমরা গৌরব করি, তার সবই এসেছে জিয়াউর রহমানের হাত ধরে। তাই সরকার জিয়াকে ভয় পায়। এ জন্য তাঁর নামকে মুছে ফেলতে চাইছে।’৭ নভেম্বর উপলক্ষে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এ দাবি করেন। তিনি বলেন, ‘আজ আমরা গার্মেন্টস শিল্প নিয়ে গর্ববোধ করি। কার আমলে এটা হয়েছে? জিয়াউর রহমান এটা করেছেন। বিদেশে কর্মসংস্থানের ধারণাও এসেছে তাঁর হাত ধরে। ক্ষুদ্রঋণ বিষয়ে বাংলাদেশ নোবেল পুরস্কার পেয়েছে। এটাও শুরু হয়েছে জিয়ার আমলে।’১৯৭৫ সালের ৭ নভেম্বরকে বিএনপি ও এর সমমনা সংগঠনগুলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে।জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ বলেন, ‘হাইকোর্টের রায়ের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু এই রায় জাতিকে ক্ষুব্ধ, মর্মাহত করেছে। বাংলাদেশের সার্বভৌমত্ব ফিরে পাওয়ার ইতিহাসের সঙ্গে এই বাড়ির সম্পর্ক আছে।’চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার কথা বললে মনে হয় এটা তাদের (আওয়ামী লীগ) বাপ-দাদার সম্পত্তি। জয় বাংলা স্লোগানও কারও বাপ-দাদার সম্পত্তি নয়। তারা এটা নিজেদের সম্পত্তি বানিয়ে বসে আছে। আমরাও কিছু বলি না।’ তিনি বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘জিয়াউর রহমান ধর্মীয় মূল্যবোধের কথা বলেছিলেন। এটাই তো ধর্মনিরপেক্ষতা। আজ কেন আপনারা শুধু ইসলামি মূল্যবোধের কথা বলেন? যেটা সত্য সেটা বলেন। আর যদি মিথ্যা বলতেই হয়, তাহলে জোর করে বলেন, বারবার বলেন; যাতে সেটা সত্য মনে হয়।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক মাহবুবউল্লাহ। সভাপতিত্ব করেন শিক্ষকনেতা সেলিম ভূঁইয়া।