যা সত্য, তা-ই বলতেন অধ্যাপক সালাহ্উদ্দীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতিহাসবিদ অধ্যাপক এ এফ সালাহ্‌উদ্দীন আহমদের স্মরণে বাংলা এক​াডেমিতে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় (বাঁ থেকে) শামসুজ্জামান খান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, জিল্লুর রহমান সিদ্দিকী ও অধ্যাপক আনিসুজ্জামান l ছবি: প্রথম আলো
ইতিহাসবিদ অধ্যাপক এ এফ সালাহ্‌উদ্দীন আহমদের স্মরণে বাংলা এক​াডেমিতে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় (বাঁ থেকে) শামসুজ্জামান খান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, জিল্লুর রহমান সিদ্দিকী ও অধ্যাপক আনিসুজ্জামান l ছবি: প্রথম আলো

অধ্যাপক সালাহ্উদ্দীন আহমদ সারা জীবন সত্যের পক্ষে বলে গেছেন। যা সত্য তা–ই স্পষ্ট করে বলেছেন। প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট না থেকেও তিনি সমাজের সব সংকটে কাজ করে গেছেন। তিনি ছিলেন উদারনীতির উজ্জ্বল মুখপাত্র, আপাদমস্তক অসাম্প্রদায়িক ও বাঙালির ইতিহাসচর্চায় পুরোধা ব্যক্তিত্ব।
ইতিহাসবিদ অধ্যাপক এ এফ সালাহ্উদ্দীন আহমদের স্মরণে অনুষ্ঠিত এক নাগরিক শোকসভায় এসব কথা বলেন দেশের বিশিষ্ট ব্যক্তিরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির উদ্যোগে একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এই শোকসভা অনুষ্ঠিত হয়। গত ১৯ অক্টোবর ৯২ বছর বয়সে মারা যান ইতিহাসের এই সত্যানুসন্ধানী।
শোকসভায় সভাপতির বক্তব্যে শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, অধ্যাপক সালাহ্উদ্দীন আহমদ যা সত্য বলে জানতেন, তা–ই বলতেন। তিনি সারা জীবন সত্যের পক্ষে বলেছেন। সত্যের প্রতি আকুণ্ঠ সমর্থন নিয়ে তিনি বেঁচেছিলেন।
উদাহরণ হিসেবে জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, এ কে খন্দকারের বই (১৯৭১: ভেতরে বাইরে) নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল, সেখানে তিনি খন্দকারের বইয়ের পক্ষে কথা বলতে দ্বিধা করেননি। স্বাধীনতার পর বাকশাল প্রবর্তনের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ছুটির মধ্যে দলগতভাবে যোগদানের সিদ্ধান্তের বিষয়েও সালাহ্উদ্দীন আহমদের বিরোধিতা করার তথ্য তুলে ধরেন জিল্লুর রহমান সিদ্দিকী।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, অধ্যাপক সালাহ্উদ্দীন আহমদের ব্যক্তিত্ব দেখে আমরা অভিভূত হতাম। এই ব্যক্তিত্বের মধ্যে বিনয় ছিল, পরমতসহিষ্ণুতা ছিল, উদারতা ছিল—যা আকৃষ্ট করত। তাঁর বিনয় ও উদারতার ভেতরে অঙ্গীকারও দঢ় ছিল। তিনি জ্ঞান ও চিন্তাকে একত্র করতে চেয়েছিলেন। জ্ঞান যদি চিন্তাকে সহযোগী হিসেবে না পায় তাহলে একটা গোলকধাঁধার মধ্যে পড়ে। এ জন্য তিনি চিন্তার কথা বলতেন, সেই সঙ্গে জ্ঞানের কথা বলতেন।
বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, সালাহ্উদ্দীন আহমদ জাতীয়তাবাদী ভাবধারায় কাজ করেছেন এবং প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট না থেকেও সমাজের সব সংকটে কাজ করে গেছেন।
সালাহ্উদ্দীন আহমদের কর্মময় জীবনের বিভিন্ন ঘটনা উল্লেখ করে আনিসুজ্জাসান বলেন, তিনি তাঁর প্রথম যৌবনেই তাঁর জন্য একটি উদারনৈতিক পরিবেশ সৃষ্টি করেছিলেন।
অধ্যাপক সালাহ্উদ্দীনকে যথার্থ ইতিহাসবিদ হিসেবে দেখেছেন বলে উল্লেখ করেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। আর তাঁকে বাঙালির সত্য ইতিহাসচর্চার অনন্য পুরোধা ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক সালাহ্উদ্দীন আহমদ স্মরণে একটি কবিতা পড়ে শোনান।
বক্তব্য দেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, লেখক ও গবেষক মোনায়েম সরকার, জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিজুর রহমান প্রমুখ।